অতি জরুরি গ্রাহকদের জন্য সীমিত আকারে চলছে পাসপোর্ট কার্যক্রম
উত্তরদক্ষিণ| সোমবার, ২৬ জুলাই ২০২১| আপডেট ২১:১০
অতি জরুরি প্রয়োজনে যাদের পাসপোর্ট প্রয়োজন, তাদের জন্য লকডাউনেও সীমিত আকারে পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে। একইসঙ্গে আগের আবেদনকারীদের পাসপোর্টও সরবরাহ করা হচ্ছে।
পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায়, লকডাউন চললেও আন্তর্জাতিক ফ্লাইট চালু রয়েছে। এজন্য অনেকেরই অতি জরুরি হিসেবে পাসপোর্ট নবায়ন ও ভিসা সংক্রান্ত ঝামেলা পোহাতে হতে পারে। বিষয়টি মাথায় রেখে সীমিত আকারে পাসপোর্টের আবেদন ও সরবরাহ করা হচ্ছে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী গণমাধ্যমকে বলেন, যারা নিজেদের জরুরি বিষয়টি প্রমাণ করতে পারছেন, কেবল তাদের আবেদনই গ্রহণ করা হচ্ছে।
অধিদপ্তরের প্রধান কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, চলমান লকডাউনের মধ্যেও অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সব শাখার দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চলমান রয়েছে। এছাড়াও আগারগাঁও পার্সোনালাইজেশন সেন্টার ও উত্তরায় পার্সোনালাইজেশন কমপ্লেক্স, ই-পাসপোর্ট প্রিন্টিং ও বেসিক ক্লিয়ারেন্স শাখার কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চালু রয়েছে। পাশাপাশি সব বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

