করোনা মহামারী মোকাবেলায় সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
উত্তরদক্ষিণ| বুধবার, ২৮ জুলাই ২০২১| আপডেট ১২:০২
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র করোনা মহামারী মোকাবেলায় আরও নিবিড়ভাবে কাজ করতে সম্মত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) স্টেট ডিপার্টমেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি এবং পরিবেশ বিষয়ক উর্ধ্বতন কর্মকর্তা মার্শা বার্নিকাটের মধ্যে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকটি ছিল গত বছরের ৩০ সেপ্টেম্বর ভার্চুয়ালে অনুষ্ঠিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব বৈঠকের একটি ফলোআপ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, জনস্বাস্থ্যের পাশাপাশি বিশ্ব-অর্থনীতিতে কোভিড-১৯ অতিমারীর বিরূপ প্রভাব নিয়ে বৈঠকে আলোচনা হয়।
উপদেষ্টা সালমান এফ রহমান কোভ্যাক্সের বাংলাদেশকে ৫৫ লাখেরও বেশি ডোজ কোভিড টিকা সরবরাহ করার জন্য মার্কিন সরকারকে ধন্যবাদ জানান। তিনি টিকা উৎপাদনে বাংলাদেশের ওষুধ উৎপাদনকারী কোম্পানিরগুলোর সঙ্গে অংশীদারিত্ব প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে উৎসাহ দিতে সহায়তা কামনা করেন।
এ সময় বার্নিকাট মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র পিপিইর পাশাপাশি কোভিড টিকা এবং থেরাপিউটিক্স উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনায় বাংলাদেশকে অগ্রাধিকার দেবে।
বৈঠকে শ্রমিক অধিকার ও নিরাপত্তা, জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও কৃষিক্ষেত্রে সহযোগিতা, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু করাসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
দুই পক্ষ চলতি বছরের শেষের দিকে পরবর্তী অর্থনৈতিক অংশীদারিত্ব বৈঠক আয়োজনে সম্মত হয়েছে। বৈঠকে অর্থ বিভাগের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ছিলেন।

