টিকা: আট আগস্ট থেকে নিবন্ধন করতে পারবেন ১৮ বছর বয়সীরাও
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১| আপডেট ১৮:৩৫
আগামী ৮ আগস্ট থেকে দেশের ১৮ বছর বয়সীরাও করোনার টিকা গ্রহণের নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
জুনাইদ আহমেদ পলক বলেন, ৮ আগস্ট থেকে যাদের বয়স ১৮ বা তার চেয়ে বেশি তাদের নিবন্ধন শুরু হবে। যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে তারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন। যাদের এনআইডি নেই তারা সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে টিকা নিতে পারবেন, তবে সেজন্য সংশ্লিষ্ট এলাকার মেয়র, উপজেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগবে। অর্থাৎ ওই এলাকার জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) টিকা নেয়ার সর্বনিম্ন বয়স ২৫ নির্ধারণ করা হয়। নিবন্ধনও শুরু হয়েছে। সুরক্ষা প্ল্যাটফর্ম ও অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাচ্ছে।

