করোনা: রামেকে আরও ১৩ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ| শুক্রবার, ৩০ জুলাই, ২০২১| আপডেট ০৯:৫০
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই)সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন। নতুন করে মারা যাওয়া ১৩ জনের মধ্যে সাতজন করোনা পজিটিভ ছিলেন। পাঁচজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর বাকি একজন ছিলেন করোনা নেগেটিভ। তিনি শ্বাসকষ্টে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।
মৃত ১৩ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের তিনজন এবং নওগাঁর তিনজন রোগী ছিলেন। এ নিয়ে চলতি মাসের ৩০ দিনে ৫১২ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪২৫ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

