কিশোরগঞ্জে সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙচুর
উত্তরদক্ষিণ| শুক্রবার, ৩০ জুলাই ২০২১| আপডেট ১২:১৭
কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জন প্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে ম্যুরালে ভাঙচুর চালানো হয় বলে ধারণা করছেন স্থানীয়রা। কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার ব্রিজের পাশে নরসুন্দা নদী সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে ম্যুরালটির অবস্থান।
পৌরসভার অর্থায়নে স্থাপিত ম্যুরালটি গত বছরের ৩০ নভেম্বর মেয়র মো. পারভেজ মিয়া উদ্বোধন করেন। দুর্বৃত্তরা মেয়র পারভেজ মিয়ার উদ্বোধনী স্মৃতিফলকটি ভেঙে ফেলেন। এছাড়াও সৈয়দ আশরাফের ম্যুরাল ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালায়।
এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও অসংখ্য সাধারণ মানুষ এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি করেছেন।
রাতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল ও পৌরসভার মেয়র পারভেজ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
মেয়র পারভেজ মিয়া বলেন, যারা সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙার অপচেষ্টাকারীদের খুঁজে বের করতে হবে। এমন অপকর্মের নিন্দা জানানোর ভাষা নেই। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি হয়েছে।
পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, ম্যুরালটি ভাঙচুরের সঙ্গে কারা জড়িত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

