বরগুনায় করোনার টিকা সংরক্ষণে ব্যবহৃত দুই ফ্রিজে আগুন

বরগুনায় করোনার টিকা সংরক্ষণে ব্যবহৃত দুই ফ্রিজে আগুন

উত্তরদক্ষিণ| শুক্রবার, ৩০ জুলাই ২০২১| আপডেট ১২:৫৮

বরগুনার সিভিল সার্জন কার্যালয়ে করোনার টিকা সংরক্ষণের জন্য ব্যবহৃত দুটি ডিপ ফ্রিজ আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে পুড়ে যাওয়া ফ্রিজ দুটিতে করোনার কোনো টিকা সংরক্ষণ করা ছিল না।

আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে সিভিল সার্জনের কার্যালয়ের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতিমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে সিভিল সার্জন কার্যালয়। বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।

বরগুনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. খোর্শেদ আলম বলেন, খুব সকালে সিভিল সার্জনের কার্যালয়ের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে এক পথচারী তাঁদের কল দেন। পরে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে টিকা সংরক্ষণের জন্য সিভিল সার্জনের কার্যালয়ে থাকা দুটি ডিপ ফ্রিজ পুড়ে গেছে। তবে পুড়ে যাওয়া ফ্রিজ দুটিতে কোনো টিকা ছিল না। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানতে চাইলে বরগুনার সিভিল সার্জন মারিয়া হাসান প্রথম আলোকে বলেন, কক্ষটিতে টিকা সংরক্ষণের ফ্রিজ ছাড়া আর কিছু ছিল না। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত কমিটি তদন্ত করে বের করবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading