ডেঙ্গু: একদিনে হাসপাতালে ভর্তি ১৯৬ রোগী
উত্তরদক্ষিণ| শনিবার, ৩১ জুলাই ২০২১| আপডেট ২৩:১০
মহামারি করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গুও। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৯৬ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার (২৯ জুলাই) একদিনে সর্বোচ্চ ১৯৪ জন ভর্তি হয়েছিলেন।
আজ শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় (৩০ জুলাই সকাল ৮টা থেকে ৩১ জুলাই সকাল ৮টা পর্যন্ত) নতুন ১৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১৯৪ জন এবং ঢাকার বাইরে নতুন রােগী শনাক্ত হয়েছেন ২ জন।
দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৭ জনে। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৪৭ জন ও অন্যান্য বিভাগে রােগী ভর্তি হয়েছেন ৩০ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমােট ভর্তি হওয়া রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৮ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছেড়েছেন ১ হাজার ৮৭৭ জন।

