আমরা টি-টোয়েন্টিতেও ভালো; টাইগারদের নিয়ে ডমিঙ্গো
উত্তরদক্ষিণ| রবিবার, ১ আগস্ট ২০২১| আপডেট ১৬:২০
ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে এখনও নিজেদের মানিয়ে নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। আর তাই এখনও একদিনের ম্যাচের মতো নিজেদের আধিপত্যের জানানও দিতে পারছেনা টাইগাররা। তবে এটা মানতে নারাজ কোচ রাসেল ডমিঙ্গো। তিনি জানিয়েছেন, আমরা টি-টোয়েন্টিতেও ভালো দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজ নিয়ে টাইগার কোচ জানান, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস অস্ট্রেলিয়ার বিপক্ষে কাজে লাগাবে দল। তিনি বলেন, কেন সবাই বলতে চান আমরা ভালো টি-টোয়েন্টি দল নই? আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছে। তাদের উন্নতির সুযোগ আছে। বিশ্বাস করতে হবে বাংলাদেশ টি-টোয়েন্টিতেও ভালো দল।
ডমিঙ্গো বলেন, আমাদের ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের মত শরীর নেই। কিন্তু দল নিয়ে আমি অনেক ইতিবাচক। সবসময় নেতিবাচক মন্তব্য খুব হতাশাজনক। তাই আমি অসম্মতি জানাচ্ছি, আমরা খারাপ দল নই। আমাদের ভালো টি-টোয়েন্টি খেলোয়াড় আছে। তারা খুব বেশি ম্যাচ খেলেনি। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ হতাশার ছিল, তবে জিম্বাবুয়েতে ভালো করে এই সিরিজে আত্মবিশ্বাস নিয়ে এসেছি।

