মাদক মামলা: মডেল পিয়াসা ও মৌ তিন দিনের রিমান্ডে
উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১৭:৩৫
মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এই আদেশ দেন।
এ বিষয়টি আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ পৃথক দুই থানার মামলার তদন্ত কর্মকর্তা আসামি দুইজনকে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেককে দুই মামলায় তিন দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন।
পুলিশ বলছে, দুই মডেলের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা দুটি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ বলেন, মৌ আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে ডিবির পরিদর্শক শিশির কুমার। মামলার অভিযোগে বলা হয়েছে, মৌয়ের বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য পাওয়া গেছে।
এদিকে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ডিবির পক্ষ থেকে ফারিয়া মাহাবুব পিয়াসার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, তাঁর বাড়িতে অভিযান চালালে মদসহ অন্যান্য মাদকদ্রব্য পাওয়া গেছে।
প্রসঙ্গত, গতকাল রবিবার (১ আগস্ট) রাতে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার বারিধারার নয় নম্বর রোডের তিন নম্বর বাসায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে ডিবি। এ ছাড়া মোহাম্মদপুরের বাবর রোড এলাকার বাসা থেকে মডেল মৌ আক্তারকে আটক করে পুলিশ। এ সময় মাদক উদ্ধার করা হয়।

