মহামারির প্রভাব প্রবাসী আয়েও
উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ২৩:০৫
মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা দুনিয়া। স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। তারই প্রভাব পড়েছে প্রবাসী আয়েও। গত জুলাই মাসে ১৮৭ কোটি ১৫ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। ২০২০-২১ অর্থবছরের জুলাইয়ে পাঠিয়েছিলেন ২৫৯ কোটি ৮২ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স কমেছে ৩৯ শতাংশ।
আজ সোমবার (২ আগস্ট) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য সমাপ্ত অর্থবছরের শেষ মাস জুনে দেশে ১৯৪ কোটি ৮১ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। মে মাসে দেশে এসেছে ২১৭ কোটি ডলারের রেমিটেন্স। এপ্রিলে ২০৬ কোটি ৬৪ লাখ ডলার, মার্চে ১৯১ কোটি ৯৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে এসেছে ১৭৮ কোটি ৬০ লাখ এবং জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৬ কোটি ৯১ লাখ ডলার।

