অস্ট্রেলিয়া সিরিজে ইতিবাচক ফল সম্ভব: মাহমুদউল্লাহ
উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ২২:৫৫
টি-টোয়েন্টিতে এই মুহূর্তে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ দল বলে মন্তব্য করেছেন টাইগার কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ।প্রত্যেকের নিজেদের সেরাটা দিতে পারলে অস্ট্রেলিয়া সিরিজে ইতিবাচক ফল সম্ভব বলে বিশ্বাস তার।
আগামীকাল মঙ্গলবার (৩ আগস্ট) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে আজ সোমবার (২ আগস্ট) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেন মাহমুদউল্লাহ।
তিনি বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে এই মুহূর্তে আমরা ব্যালান্সড দল। এখন আমরা বেশ কয়েকজন অলরাউন্ডার খেলছি। অনেকেই একসঙ্গে বল-ব্যাট দুটোই করতে পারে। এ ছাড়া স্পিন ডিপার্টমেন্টটাও অনেক ভালো। এই বিভাগগুলোয় আমরা এগিয়ে থাকতে পারি বলে মনে হয়।
অস্ট্রেলিয়াকে হারানোর এটাই সেরা সুযোগ কি-না এমন প্রশ্নে মাহমুদউল্লাহ জানান, সেরা সুযোগ কি-না সেটা বলা এই মুহূর্তে কঠিন। তারা টি-টোয়েন্টিতে ভালো দল, ভালো ক্রিকেট খেলেই তাদের হারাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল আমরা আমাদের স্কিল কতটা ম্যাচে প্রয়োগ করতে পারি। পরিস্থিতি অনুসারে কতটা প্রয়োগ করতে পারছি সেটার ওপর অনেক কিছু নির্ভর করে।

