মহামারী নিয়ন্ত্রণে ‘সমন্বয়হীনতা’ দূর করুন: হাসানুল হক ইনু
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১| আপডেট ১৭:৪০
করোনা মহামারী নিয়ন্ত্রণে ‘সমন্বয়হীনতা’ দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু। মঙ্গলবার (৩ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদ সভাপতি ইনু বলেন, “করোনাভাইরাস মহামারীর কাছে আত্মসমর্পণ বা সহবাস করে জীবনও বাঁচবে না, জীবিকাও রক্ষা হবে না, অর্থনীতিও সচল হবে না। করোনাকে কোনঠাসা করার যুদ্ধ চালু রাখতে হবে।”
সরকারের উদ্দেশে তিনি বলেন, “জনগণের অসচেতনতাকে না দূষে, হাল না ছেড়ে দিয়ে করোনা মোকাবেলায় সমন্বয়হীতা ও অব্যবস্থাপনা দূর করতে হবে।” জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান শওকতের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আগে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।
প্রয়াত নেতা হাবিবুর রহমান শওকতকে ‘জাতির সূর্যসন্তান’ আখ্যা দিয়ে ইনু বলেন, “বৈষম্য-বঞ্চনা থেকে মানুষের মুক্তির লক্ষ্যে সমাজতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়েই হাবিবুর রহমান শওকতের স্বপ্ন বাস্তবায়নে জাসদের নেতা-কর্মীদের সংগ্রাম চলবে।”
গত বছর ৩ অগাস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সাবেক সভাপতি, সেক্টর কমান্ডারস ফোরামের আইন বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, ঢাকা মহানগরের সমন্বয়ক ও জাসদ সহ-সভাপতি মীর হোসাইন আখতার, জাতীয় নারী জোটের আহবায়ক ও জাসদ সহ-সভাপতি আফরোজা হক, ঢাকা মহানগরের যুগ্ম সমন্বয়ক ও জাসদ সহ-সভাপতি নুরুল আকতার প্রমুখ।

