বজ্রপাতে কিশোরগঞ্জে দুই জেলের মৃত্যু
উত্তরদক্ষিণ| বুধবার, ৪ আগস্ট ২০২১| আপডেট ১৪:২২
কিশোরগঞ্জের নিকলীতে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রাম সংলগ্ন বড় হাওরে গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনায় আরও দুই জেলে আহত হয়েছেন বলে নিকলী থানার ওসি শামসুল আলম ছিদ্দিকী জানান।
মৃতরা হলেন- নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল আউলিয়াভিটা গ্রামের আসলাম উদ্দিনের ছেলে জলহু মিয়া (৫০) ও একই ইউনিয়নের শহরমূল গাছগড়িয়া হাটির খেলু মিয়ার ছেলে শফিকুল (৩৫)। আহতরা হলেন- একই ইউনিয়নের শহরমূল উত্তর হাটির কাঞ্চন মিয়ার ছেলে কামরুল (৩৫) ও একই গ্রামের সৈয়দ আলীর ছেলে মোতালেব (৪৫)।
ওসি বলেন, মঙ্গলবার রাতে দশজন জেলের একটি দল নৌকা হাওরে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাত হলে চার জেলে আহত হন। “পরে তাদের উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জলহু ও শফিকুলকে মৃত ঘোষণা করেন।”

