নতুন রেকর্ড গড়েছে পুঁজিবাজার
উত্তরদক্ষিণ| শুক্রবার, ৬ আগস্ট ২০২১| আপডেট ২৩:০০
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে। আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন। এর ফলে সূচক ও লেনদেনে নতুন রেকর্ড গড়েছে দেশের পুঁজিবাজার।
ডিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৫ আগস্ট) পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ছিল প্রকৌশল, ওষুধ ও বস্ত্র খাত। এ তিন খাতে ১ হাজার ১৩৫ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে প্রকৌশল ও বস্ত্র খাতে ৪০০ কোটি ও ওষুধ খাতে ৩৩৫ কোটি টাকার লেনদেন হয়েছে।
গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৯৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ৯৩ শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত।
১৩ দশমিক ৩৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত।
৭ দশমিক ৬৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল বিবিধ খাত। আর ৬ দশমিক শূন্য ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে পঞ্চম অবস্থানে রয়েছে জ্বালনি ও বিদ্যুৎ খাত।
গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড, জিপিএইচ ইস্পাত লিমিটেড, মালেক স্পিনিং লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, ফু-ওয়াং সিরামিক লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি ও ম্যাকসন্স স্পিনিং লিমিটেড।

