জীবন যদি না থাকে তাহলে শিক্ষিত হয়ে কী হবে : ওবায়দুল কাদের

জীবন যদি না থাকে তাহলে শিক্ষিত হয়ে কী হবে : ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ| শনিবার, ৭ আগস্ট, ২০২১| আপডেট ১৭:২০

ছাত্র-ছাত্রীদের জীবন বাঁচাতেই সরকার করোনার এই সংকটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে, তাদের জীবন যদি না থাকে তাহলে শিক্ষিত হয়ে কী হবে? তাই আগে জীবন বাঁচাতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আজ শনিবার (৭ আগস্ট) রাজধানীর আইডিইবি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত ‘বঙ্গবন্ধুর ভোকেশনাল ও টেকনিক্যাল এডুকেশন দর্শন বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনা এবং দুঃস্থদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।

‘সরকার ষড়যন্ত্র করে শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে’- বিএনপি নেতাদের এমন অভিযোগকে ‘হাস্যকর এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপি এর আগেও ভ্যাকসিন নিয়েও ষড়যন্ত্রের গন্ধ খুঁজেছিল। করোনা মহামারিকালে বিএনপির রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে বলেছেন, করোনাকালেও বিএনপির রাজনৈতিক কর্মসূচি একটাই- তা হচ্ছে পালাক্রমে সরকারের বিরুদ্ধে বিষোদগার আর মিথ্যাচার করা। বিএনপির কৌশল হলো মায়াকান্না আর লিপসার্ভিস।

তিনি বলেন, করোনার অভিঘাত মোকাবেলায় অনেক চ্যালেঞ্জ সামনে নিয়ে প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এমন সংকটে সকল রাজনৈতিক দলের একটাই রাজনীতি হওয়া উচিত, তা হলো মানুষকে বাঁচানো, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো।

রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পেশাজীবি সংগঠনগুলোকেও নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ভ্যাকসিন গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করা ও অসহায় মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানান ওবায়দুল কাদের।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading