ধবলধোলাইয়ের লজ্জা থেকে রক্ষা অস্ট্রেলিয়ার
উত্তরদক্ষিণ| শনিবার, ৭ আগস্ট ২০২১| আপডেট ২২:০০
বাংলাদেশ সফরে এসে প্রথম জয়ের দেখা পেলো সফরকারী অস্ট্রেলিয়া। আজ শনিবার (৭ আগস্ট) সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে তারা ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে।এই জয়ের ফলে ধবলধোলাইয়ের লজ্জা থেকে রক্ষা পেল ম্যাথু ওয়েডের দল।
এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রান জমা করে। সহজ এই লক্ষ্য পূরণেও ঘাম ঝরাতে হয় অজিদের। তারা ১৯ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। তবে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ এ হারের পরেও এগিয়ে থাকলো ৩-১ ব্যবধানে।
১০৫ রানের লক্ষ্য টপকাতে নেমে ইনিংসের শুরুতেই শেখ মেহেদী হাসানের বলে উইকেট হারায় অজিরা। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে না পারা অধিনায়ক ম্যাথু ওয়েড বোল্ড হন ২ রান করে। এরপর দৃশ্যপটে আসেন ক্রিশ্চিয়ান। প্রথম ৩ ওভারে অজি স্কোরবোর্ডে ১৫ রান। সাকিবের করা চতুর্থ ওভারে ক্রিশ্চিয়ান হাঁকান পাঁচ ছক্কা, প্রথম তিনটি টানা, পরে এক বল ডট দিয়ে আরও দুইটি। সে ওভারে আসে ৩০ রান।নাসুম আহমেদের করা পঞ্চম ওভারে ওপেনার বেন ম্যাকডারমেট ফিরেছেন এলবিডব্লিউর ফাঁদে পড়ে। ভাঙে ক্রিশ্চিয়ানের সাথে ৪৪ রানের জুটি, যেখানে ম্যাকডারমেটের অবদান ১২ বলে ৫। এরপর মুস্তাফিজুর রহমানের ঝলকে বাংলাদেশ ম্যাচে ফেরে দুর্দান্ত প্রতাপে। ৬ষ্ঠ ওভারে দুর্দান্ত এক স্লোয়ারে বিভ্রান্ত হয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন ক্রিশ্চিয়ান, থামেন ১৫ বলে ১ চার ৫ ছক্কায় ৩৯ রান করে। ওভারে কোনো রান খরচ করেননি মুস্তাফিজ।
৭ম ওভারে সাকিব শেষ বলে রান আউট করেন ময়সেস হেনরিকসকে। ১০ম ওভারে স্লোয়ারে বোকা বানিয়ে অ্যালেক্স ক্যারিকে ৬ বলে ১ রান করে সাজঘরের পথ দেখান মুস্তাফিজ। ওভারে মাত্র ২ রান খরচ করেন। পরের ওভারেই শেখ মেহেদী বোল্ড করেন মিচেল মার্শকে (১৫ বলে ১১)। ১ উইকেটে ৪৭ থেকে ৬ উইকেটে ৬৫ সফরকারীদের। তবে সেখান থেকে অ্যাশটন আগার ও অ্যাশটন টার্নারের ৩৪ রানের জুটিতে জয়ের পথ মসৃণ হয় অস্ট্রেলিয়ার।
দলকে জয় থেকে ৬ রান দূরে রেখে আগার ২৭ রান করে ফিরেছেন শামীম হোসেনের অসাধারণ এক ক্যাচে। অ্যান্ড্রু টাইকে (৭ বলে ৪) নিয়ে বাকি কাজ অনায়েসেই সারেন ২০ বলে ৯ রান করা টার্নার। ৬ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ম্যাথু ওয়েডের দল। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ এবং শেখ মেহেদী নেন ২টি করে উইকেট।
এর আগে, ব্যাটিংয়ে বাজে দিন পার করেছে বাংলাদেশ।আবারও ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার (৮)। রানের খাতা খুলতে পারেননি মাহমুদউল্লাহ ও নুরুল হাসান সোহান। ভালো শুরু পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি সাকিব আল হাসান (১৫)। সর্বোচ্চ ২৮ রান এসেছে নাঈম শেখের ব্যাট থেকে। আফিফ হোসেনের ১৭ বলে ২০ ও মেহেদী হাসানের ১৬ বলে ২৩ রানের ইনিংস দুটিতে ১০০ ছাড়ায় বাংলাদেশের স্কোর।
অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার মিচেল সুয়েপসন। এই স্পিনার ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। তার সমান ৩ উইকেট পেতে অ্যান্ড্রু টাই ৩ ওভারে খরচ করেছেন ১৮ রান। জশ হ্যাজেলউড ৪ ওভারে ২৪ রানে পেয়েছেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১০৪/৯ ( নাঈম ২৮, মেহেদী ২৩, আফিফ ২০, সাকিব ১৫; সুয়েপসন ৩/১২, টাই ৩/১৮, হ্যাজেলউড ২/২৪, অ্যাগার ১/২২)।
অস্ট্রেলিয়া: ১৯ ওভারে ১০৫/৭ ( ক্রিস্টিয়ান ৩৯, অ্যাগার ২৭, মার্শ ১১; মোস্তাফিজ ২/৯, মেহেদী ২/১৭, শরিফুল ১/৮, নাসুম ১/১৭)।
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মিচেল সুয়েপসন।
ই্উডি/এজেএস

