সারাদেশে প্রথমদিনের গণটিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন

সারাদেশে প্রথমদিনের গণটিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন

উত্তরদক্ষিণ| শনিবার, ৭ আগস্ট ২০২১| আপডেট ২৩:২০

দেশের বিভিন্ন জেলায় আজ শনিবার (৭ আগস্ট) কোভিড-১৯ (করোনা ভাইরাস) প্রতিরোধে গণটিকাদান কর্মসূচির প্রথমদিনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

নীলফামারী সংবাদদাতা জানান, জেলায় আজ শনিবার ৬০টি ইউনিয়ন ও চারটি পৌরসভায় মোট ১০২টি কেন্দ্রে ৪১ হাজার চারশ’জনকে টিকাদানের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম শুরু হয়।

শনিবার বেলা ১১ টার দিকে ভার্চুয়ালি জেলায় এ গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। জেলা সদরের কুন্দপুকুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবির, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সকালে নীলফামারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চত্বরে পৌরসভা পর্যায়ের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনিবার জেলার ছয় উপজেলার ৬০টি ইউনিয়নে প্রতিটিতে একটি করে ৬০টি কেন্দ্রে এবং চারটি পৌরসভায় ৪২টিসহ ১০২টি কেন্দ্রে মোট ৪১ হাজার ৪০০ ব্যক্তিকে টিকাদানের লক্ষ্যে কার্যক্রম শুরু হয়। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা দ্বায়িত্ব পালন করেছেন।

শেরপুর সংবাদদাতা জানান, জেলায় আজ কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন শেরপুর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক। শনিবার সকাল ১০ টায় সদর উপজেলার ১২ নং কামারিয়া ইউনিয়ন পরিষদে স্বাস্থ্যবিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, সিভিল সার্জন ডা. আনোয়ারুর রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

বগুড়া সংবাদদাতা জানান, শনিবার সকাল ১০টায় জেলায় ১০৯টি ইউনিয়ন ও দু’টি পৌরসভায় গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়। সিভিল সার্জন গওসুল আযিম চৌধুরী জানান, শনিবার জেলায় গনটিকা কার্যক্রমের আওতায় ৭১ হাজার ৪০ ডোজ টিকা প্রধান করা হয়েছে।

এরআগে, শনিবার সকালে বগুড়া শহরের করোনেশন স্কুলে করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন জেলা প্রশাসক মো. জিয়াউল হক। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়পুরহাট সংবাদদাতা জানান, শনিবার জয়পুরহাট জেলার ৩২ ইউনিয়নের ৩০ হাজার একশ’ জনকে করোনার টিকা প্রদান করা হয়েছে। সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী জানান, ইউনিয়ন পর্যায়ে ২৫ হাজার ছয়শ’জনকে এবং পৌর এলাকায় চারহাজার পাঁচশ’ জনকে করোনার টিকা দেওয়া হয়।

তিনি জানান, সরকারের ঘোষিত টিকাদান কার্যক্রম সফল করতে জেলার পাঁচ উপজেলার ৩২ টি ইউনিয়নে ৯৬ টি টিকাদান কেন্দ্র খোলা হয়। যেখানে ১৮২ জন টিকাদানকর্মী হিসাবে দায়িত্বপালন করেন। এ ছাড়াও পাঁচটি পৌর এলাকায় ১৫ টি কেন্দ্রে টিকা প্রদান করা হয়। এখানে ৩০ জন টিকাদান কর্মী দায়িত্ব পালন করেন। টিকাদান কেন্দ্রগুলোতে স্বেচ্ছাসেবী হিসাবে দায়িত্ব পালন করেন ১৯৭ জন।

মেহেরপুর সংবাদদাতা জানান, শনিবার জেলার ২৭টি কেন্দ্রে করোনা ভাইরাস প্রতিরোধে গণটিকা প্রদান করা হয়েছে। সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, জেলার ১৮টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে ৩টি করে বুথে মোট ১০ হাজার আটশ’জন এবং মেহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রে একহাজার আটশ’ জনকে টিকা দেয়া হয়েছে। মুখে মাস্ক পরে প্রতিটি কেন্দ্রে ছিলো টিকা গ্রহিতাদের উপস্থিতি।

কুষ্টিয়া সংবাদদাতা জানান, আজ শনিবার জেলার ৬৪টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভার মোট ৯৭টি কেন্দ্রে করোনার টিকাদান করা হয়েছে। প্রতিটি টিকাদান কেন্দ্রে তিনটি বুথে মোট ছয়শ’জনকে টিকাদান করা হয়। সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, প্রথমদিন জেলায় মোট ৬২ হাজার চারশ’ জনকে টিকা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা জানান, শনিবার সকাল ৯টা থেকে জেলার ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ১১০টি কেন্দ্র করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রতিটি কেন্দ্রে রেজিস্ট্রেশনভুক্ত দুইশ’জনকে টিকা দেয়া হয়।

এদিন, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমুখ বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।

এছাড়াও, গোপালগঞ্জ, ফেনী, টাঙ্গাইল, ঝিনাইদহ, কুমিল্লা, ঠাকুরগাঁও-সহ দেশের বিভিন্ন জেলায় শনিবার কোভিড-১৯ (করোনা ভাইরাস) প্রতিরোধে গণটিকাদানের প্রথমদিনের কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading