করোনায় ময়মনসিংহ মেডিকেলে ১৭ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ| সোমবার, ৯ আগস্ট ২০২১| আপডেট ৯:৩০
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় নয় জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আট জনের। সোমবার (০৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, রবিবার সকাল ৮টা থেকে সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৪০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন।
তিনি আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রোগীর চাপ কিছুটা কমেছে। হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৪২০ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, রোববার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ১৩০৫টি নমুনা পরীক্ষা করে নতুন ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ শতাংশ।

