করোনা: দেশে একদিনে আরও ২৪৫ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ| সোমবার, ৯ আগস্ট ২০২১| আপডেট ১৮:২৫
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (একদিনে) ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৯৭ জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৪৬৩ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৬৫ হাজার ৫৮ জন।
আজ সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৯৫৩ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ২০৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ লাখ ৬৪ হাজার ৬১৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ।
ইউডি/এজেএস

