পরীমনি ২ দিন আর রাজ ৬ দিনের রিমান্ডে

পরীমনি ২ দিন আর রাজ ৬ দিনের রিমান্ডে

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ১৪:৫৫

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর প্রযোজক নজরুল ইসলাম রাজের ছয়দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে বনানী থানার পৃথক দুই মামলায় ৪ দিনের রিমান্ড শেষে চার আসামিকে আদালতে হাজির করে সিআইডি। মাদকের পৃথক ২ মামলায় এ চার আসামির আবার ৫ দিন করে রিমান্ড আবেদন করা হয়। এছাড়া রাজ এবং সবুজের বনানী থানার পর্নোগ্রাফি আইনের মামলায় আরও ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। পরীমনির পক্ষে অ্যাডভোকেট মজিবুর রহমান এবং রাজ ও সবুজের পক্ষে এস এম আক্তার-উজ্জামান (হিমেল) রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে মাদক মামলায় পরীমনি ও দিপুর ২ দিন এবং রাজ ও সবুজের মাদক মামলায় ২ দিন ও পর্নোগ্রাফি আইনের মামলায় ৪ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। গত ৫ আগস্ট এ চার আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেল ৪টার পর বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।

একইদিন রাত ৯টার অভিযানে বনানীর ৭ নম্বর রোডের বাসা থেকে নজরুল ইসলামকে আটক করে র‌্যাব। তার বাসা থেকেও বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading