কিশোর কুমারকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে তার পরিবার
উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ১২:৩৫
কিশোর কুমার ছিলেন একাধারে ভারতীয় কিংবদন্তী গায়ক, গীতিকার ও সুরকার। অভিনেতা, সুরকার ও নির্মাতা হিসেবেও তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তার ঘটনাবহুল জীবনের গল্প এবার রুপালি পর্দায় আনতে যাচ্ছে তার পরিবার।
সম্প্রতি কালজয়ী এই গায়কের জন্মবার্ষিকীতে তাকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে তার পরিবার। সিনেমাটি প্রযোজনা করবেন তার ছেলে অমিত কুমার, সুমিত কুমার ও স্ত্রী লীনা চন্দ্রভারকার।
এবিষয়ে অমিত কুমার বলেন, ‘বায়োপিক নির্মাণের পরিকল্পনা আমার সব সময়ই ছিল। আমার পরিবারের চেয়ে তাকে (কিশোর কুমার) কে ভালো জানেন? আমরা খুব শিগগির বাবা সম্পর্কে আমাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নেওয়া শুরু করব।’
সিনেমার শুটিং শুরু হতে একটু দেরি হবে বলে জানান অমিত কুমার। তার ভাষ্য মতে, ‘আমরা জানি চিত্রনাট্য তৈরি করতে কমপক্ষে এক বছর লাগবে। অনেক পরিশ্রমসাধ্য কাজ এবং অনেক পথ পাড়ি দিতে হবে।’
এর আগে অনেকেই কিশোর কুমারের বায়োপিক নির্মাণের পরিকল্পনা করলেও কোনোটিই শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। বলিউড নির্মাতা অনুরাগ বসু কিশোর কুমারকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আইনি জটিলতার কারণে তা বন্ধ হয়ে যায়। এই সিনেমায় কিশোর কুমারের চরিত্রে রণবীর কাপুর অভিনয় করবেন বলে শোনা যায়। তবে অমিত কুমারের সিনেমায় কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি।

