আলু বেচতে মন্ত্রীর কাছে কোল্ডস্টোরেজ মালিকরা
উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ১২:৩৭
মজুদকৃত ও উদ্বৃত্ত আলু বিক্রিতে কৃষিমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন কোল্ডস্টোরেজ মালিকরা। গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে এফবিসিসিআই ও বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল দেখা করে এমন সহযোগিতা চায়।
কোল্ডস্টোরেজ মালিকরা মন্ত্রীকে বলেন, চলতি মৌসুমে এক কোটি ১০ লাখ টন আলু উৎপাদিত হয়েছে। বিপরীতে দেশে আলুর চাহিদা ৮৫-৯০ লাখ টন। আরও প্রায় ২০ লাখ টন আলু উদ্বৃত্ত রয়েছে। এ বছর প্রায় ৪০০ হিমাগারে ৫৫ লাখ টন খাবার আলু, বীজ আলু ও রপ্তানিযোগ্য আলু সংরক্ষিত আছে। বর্তমানে আলুর বাজারদর কম। সংরক্ষিত আলু বাজারজাত না করতে পারলে বিপুল পরিমাণ আলু অবিক্রীত থেকে যাবে।
গত বছরের মতো এবারও ত্রাণসহ বিভিন্ন সরকারি কাজে আলু বিতরণের দাবি জানিয়ে তারা বলেন, সরকারিভাবে ক্রয় করে ত্রাণ, কাবিখা, ভিজিএফ, ওএমএস, রোহিঙ্গাদের মধ্যে এবং আইনশৃঙ্খলা বাহিনীর রেশনে আলু বিতরণ করলে উদ্বৃত্ত আলুর সুষ্ঠু ব্যবহার সম্ভব।
এ সময় কৃষিমন্ত্রী বলেন, গত বছর করোনার শুরুর দিকে আমরা বিভিন্ন ত্রাণ কাজে, রোহিঙ্গাদের মধ্যে ও রেশনে আলু বিতরণের উদ্যোগ নিয়েছিলাম। ফলে আলুর ব্যবহার অনেক বেশি হয়েছিল এবং শেষ দিকে আলুর দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এ বছর উদ্বৃত্ত আলুর বাজারজাতের জন্য উচ্চ পর্যায়ে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, আলুর সুষ্ঠু বাজারজাতে স্থানীয় বাজারের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে। এ নিয়ে প্রচেষ্টা চলছে। আগামীতে আলুর রপ্তানি অনেক বাড়বে।
মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে প্রতিনিধি দলে ছিলেন এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ হোসেন পুষ্টি, ভাইস প্রেসিডেন্ট ইসতিয়াক আহমেদ, ময়নাকুটি কোল্ডস্টোরেজের চেয়ারম্যান সরোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ প্রমুখ।
ইউডি/বিকে

