পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ৩ শতাধিক যানবাহন
উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ১৬:৫৫
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাটে ৩ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। বুধবার (১১ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান এ তথ্য জানান।
ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, এই নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ১৫টি ফেরি রয়েছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও মাধবীলতা নামে দুটি ফেরি মেরামতে থাকায় এ নৌরুটে ১৩টি ফেরি চলাচল করছে।
জিল্লুর রহমান বলেন, লকডাউন তুলে নেওয়ার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর ভিড় বেড়েছে। দুটি ফেরি মেরামত শেষে দ্রুত নৌরুটে যুক্ত হবে।
পাটুরিয়া ঘাটে ৫০টির মতো বাস ও অন্তত আড়াইশত পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

