বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে যারা মুছতে চেয়েছিলো, তারাই মুছে যাচ্ছে: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে যারা মুছতে চেয়েছিলো, তারাই মুছে যাচ্ছে: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ| রবিবার, ১৫ আগস্ট ২০২১| আপডেট ১৬:৪০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিলো, তারাই আজ মুছে যাচ্ছে ইতিহাসের পাতা থেকে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার (১৫ আগস্ট) সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ৩২ নম্বরের সিঁড়িতে নিথর পড়ে থাকা শরীর শুধু একজন জাতির পিতার নয়, একজন স্বাধীনতার স্থপতির। সে রক্তাক্ত নিথর শরীর ছিলো সবুজ – শ্যামল বাংলার প্রতীক।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার কুশীলবরা এখনো সক্রিয়, তারা চায় না দেশের উন্নয়ন হোক,পদ্মাসেতু, মেট্রোরেল কর্ণফুলী টানেল হোক।

বিএনপির শাসনামলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হয়নি,তারা পাহাড়িদের সংঘর্ষে উস্কে দিয়েছিলো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ১২ বছর আগের পার্বত্য চট্টগ্রাম আর আজকের পার্বত্য চট্টগ্রাম এক নয়, আজকে পাহাড়ি এলাকায় উন্নয়ন -অর্জনে সমৃদ্ধ।

গণটিকা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একদিকে বিএনপি অপপ্রচার চালায় আবার সবার আগে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করে। মানুষের আগ্রহে ভাটা সৃষ্টি করার জন্য বিএনপি অপচেষ্টা করছে। ভ্যাকসিন নিয়ে কোন সংকট হবে না, আগামী ছয় মাসের মধ্যে কোটি কোটি ভ্যাকসিন আসবে বলেও জানান তিনি।

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে রাঙ্গামাটি প্রান্তে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুসা মাতব্বর।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading