পঞ্চগড়ে তিন ফিলিং স্টেশনকে জরিমানা
উত্তরদক্ষিণ| বুধবার, ১৮ আগস্ট ২০২১| আপডেট ১০:০০
পঞ্চগড়ে ওজনে কম দেওয়াসহ কয়েকটি অপরাধে তিন ফিলিং স্টেশনকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক এই আদালত পরিচালনা করেন।এ সময় বিএসটিআই রংপুরের পরিদর্শক কামরুল পলাশ ও সদর থানা পুলিশের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, পঞ্চগড় পৌর শহরের করতোয়া ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের ওজন পরিমাপক যন্ত্রে ডিজেল কম দেওয়ার কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ লঙ্ঘনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সুবাহানাকা ফিলিং স্টেশন এবং মৈত্রি ফিলিং স্টেশনে প্রয়োজনীয় হাল নিবন্ধন প্রদর্শনে ব্যর্থ হওয়ায় যথাক্রমে আট হাজার ও ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট মাসুদুল হক জানান, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে সঠিক পরিমাণে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রয় হচ্ছে কি-না তা তদারকির জন্য এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একই সঙ্গে পেট্রোলপাম্পের মালিকদেরকে সতর্ক করা হয়।
ইউডি/কেএস

