আফগানিস্তান থেকে আমেরিকান নাগরিকদের সরানোর সময় বাড়ানোর ইঙ্গিত বাইডেনের

আফগানিস্তান থেকে আমেরিকান নাগরিকদের সরানোর সময় বাড়ানোর ইঙ্গিত বাইডেনের

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১| আপডেট ১২:৪৩

আমেরিকার নাগরিকদের আফগানিস্তান থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার সময় বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এই কাজের জন্য মাকিন সেনারা ৩১ অগাস্টের পরও আফগানিস্তানে অবস্থান করতে পারে বলে জানিয়েছেন তিনি।

কাবুল বিমানবন্দরে যেভাবে মরিয়া হয়ে মানুষ ঢোকার চেষ্টা করছে তাতে সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের বিমানবন্দরের বাইরে অবস্থানরত লোকজনের কাছে পৌঁছানোর সামর্থ্য নেই বলে আগেই জানিয়েছে পেন্টাগন।

এবিসি নিউজে প্রেসিডেন্ট বাইডেনের এক সাক্ষাৎকারের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানে মার্কিন সেনাদের অবস্থানের সময়সীমা ৩১ আগস্ট থেকে বাড়ানোর কথা ভাবছেন তিনি।

বাইডেন বলেন, “যদি সেখানে আমেরিকার নাগরিকরা থাকে, আমরা সেখানে অবস্থান করব, যতক্ষণ পর্যন্ত না সবাইকে বের করে আনা হচ্ছে।” আমেরিকার অনেক আইনপ্রণেতা এই সময়সীমা বাড়ানোর জন্য প্রেসিডেন্টকে চাপ দিয়ে আসছিলেন।

আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহার কার্যক্রম যেভাবে পরিচালিত হচ্ছে তা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন বাইডেন। তবে তিনি নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, আমেরিকার ২০ বছরের অবস্থানের সমাপ্তি টানার ক্ষেত্রে এ ধরনের সমস্যা অনিবার্য। “কোনো বিশৃঙ্খলা ছাড়াই বের হয়ে আসা নিশ্চিত করার যে ধারণা, আমি জানি না কীভাবে এটা করা সম্ভব।”

তিনি আরও জানান, আমেরিকার নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে আনার প্রক্রিয়ায় তালেবান সহযোগিতা করছে কিন্তু ‘কিছুটা সমস্যা’ আছে আমেরিকার মিত্র আফগান নাগরিকদের সরিয়ে আনার প্রক্রিয়ায়।

যে দ্রুততার সঙ্গে তালেবান কাবুল দখল করেছে তা সেখানে অবস্থানরত পশ্চিমা বিদেশি শক্তিগুলোকে একটি বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি করেছে, বিশেষ করে আফগানিস্তান থেকে লোকজন সরিয়ে নেওয়ার কার্যক্রমে।

পেন্টাগনে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, “আমরা আমাদের সাধ্যের মধ্যে সবকিছু করব যাতে আফগানিস্তানে আটকে পড়ারা নিরাপদে কাবুল বিমানবন্দরে যেতে পারে কোনো ধরনের সহিংস পরিস্থিতি এড়িয়ে এবং বিমানবন্দরে পৌঁছানোর একটি পথ তৈরির চেষ্টা করে যাচ্ছি আমরা। আমার পক্ষে এ মুহূর্তে কাবুলে গিয়ে সেখানকার কার্যক্রমের পরিসর বাড়ানোর মতো সামর্থ্য নেই।”

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading