রূপালী ব্যাংকের সুদ আয় বেড়েছে ১১ শতাংশ

রূপালী ব্যাংকের সুদ আয় বেড়েছে ১১ শতাংশ
রুপালী ব্যাংক

উত্তরদক্ষিণ| শনিবার, ২১ আগস্ট ২০২১| আপডেট ১২:৩০

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেডের সুদ আয় চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১১ শতাংশ। প্রথমার্ধে ব্যাংকটির সুদ আয় দাঁড়িয়েছে ১ হাজার ৯২ কোটি টাকা, যেখানে আগের বছরের একই সময়ে সুদ আয় ছিল ৯৮০ কোটি টাকা। পাশাপাশি আলোচ্য সময়ে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফায় ১৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

প্রথমার্ধের অনিরীক্ষিত আর্থিক পর্যালোচনায় দেখা যায়, এ বছরের জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির মোট পরিচালন আয় দাঁড়িয়েছে ৫৮১ কোটি ৮৫ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে পরিচালন আয় ছিল ৫৩৬ কোটি টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে সঞ্চিতি বাবদ ৭০ কোটি টাকা সংরক্ষণ করেছে ব্যাংকটি। আগের বছর ১০৩ কোটি ৯০ লাখ টাকার সঞ্চিতি সংরক্ষণ করেছিল। আলোচ্য সময়ে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৭ কোটি ৯৬ লাখ টাকা। আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১৫ কোটি টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ৩৭ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৪৯ পয়সায়।

এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) রূপালী ব্যাংকের সুদ আয় হয়েছে ৬১০ কোটি টাকা। আগের বছরের একই সময়ে সুদ আয় ছিল ৪৭৫ কোটি ৬১ লাখ টাকা। এ বছরের এপ্রিল-জুন সময়ে ব্যাংকটির পরিচালন আয় হয়েছে ৩১৯ কোটি টাকা। আগের বছরের একই সময়ে পরিচালন আয় ছিল ২০২ কোটি ৬৬ লাখ টাকা। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটি ৬৭ কোটি ৬৫ লাখ টাকার সঞ্চিতি সংরক্ষণ করেছে। আগের বছরের একই সময়ে সঞ্চিতির পরিমাণ ছিল ৮ কোটি টাকা। দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০ কোটি। আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৬ কোটি টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ২৫ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ১৫ পয়সা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে রূপালী ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৪৯ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৩৮ পয়সা। ২০১৯ হিসাব বছরে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ২০১৮ হিসাব বছরে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। এছাড়া ২০১৭ হিসাব বছরে ২৪ শতাংশ বোনাস লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।

২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া রূপালী ব্যাংকের অনুমোদিত মূলধন ৭০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪১৪ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬০৯ কোটি ৭৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪১ কোটি ৪১ লাখ ৬৮ হাজার ৬৩৩। এর মধ্যে ৯০ দশমিক ১৯ শতাংশ সরকারের কাছে, ৪ দশমিক ৮১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য আয় অনুপাত বা পিই রেশিও ২৪ দশমিক ৫৭, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৫০ দশমিক ৮৫।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) রূপালী ব্যাংকের শেয়ার সর্বশেষ ৩৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ২১ টাকা ৯০ পয়সা থেকে ৪০ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading