ইতালিয়ান ক্লাবের সঙ্গে থাকতে চান না রোনালদো!

ইতালিয়ান ক্লাবের সঙ্গে থাকতে চান না রোনালদো!

উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৭ আগস্ট ২০২১| আপডেট ১২:১০

জুভেন্টাসে নিজের লকার গুছিয়ে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতালিয়ান ক্লাবকে বলে দিয়েছেন তিনি আর তাদের সঙ্গে থাকতে চান না। একাধিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে এই কথা।

স্পোর্টসমেইল জানায়,পর্তুগিজ ফরোয়ার্ডের এজেন্ট হোর্হে মেন্দেসের সঙ্গে কথা বলছে ম্যানচেস্টার সিটি। হ্যারি কেইনকে নিতে ব্যর্থ হওয়ায় পেপ গার্দিওলার দল তার দিকে নজর দিয়েছে। এরই মধ্যে রোনালদোকে বিক্রির জন্য জুভেন্টাস আড়াই কোটি পাউন্ডের প্রস্তাব দিয়েছে ম্যানসিটিকে। দাম না কমালে ও ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড ৫ লাখ পাউন্ডের সাপ্তাহিক বেতন কমাতে রাজি না হলে ফ্রি ট্রান্সফারে তাকে নিতে আলোচনা করছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

স্কাই স্পোর্টস ইতালিয়া জানায়, আগামী সপ্তাহে এম্পোলির বিপক্ষে ওল্ড লেডিদের ম্যাচের দলে থাকবেন না রোনালদো। ক্লাবের ট্রেনিং গ্রাউন্ড থেকে নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছেন তিনি। সাপ্তাহিক বেতন কমিয়ে হলেও ম্যানসিটিতে যেতে চান।

স্পেনের গণমাধ্যম দিয়ারিও এএস বলছে, ম্যানসিটির সঙ্গে ব্যক্তিগত সমঝোতায় পৌঁছেছেন রোনালদো। মানে ইতিহাদ স্টেডিয়ামে যেতে অনাপত্তি প্রকাশ করেছেন তিনি। আর জুভেন্টাসও তাকে বিক্রি করে কিছু উপার্জন করতে চায়। নয়তো চলতি মৌসুম শেষে বিনামূল্যে ছেড়ে দিতে হবে পর্তুগিজ ফরোয়ার্ডকে।

২০১৮ সালের গ্রীষ্মে তুরিন ক্লাবটির সঙ্গে চার বছরের চুক্তি করেন রোনালদো, যার মেয়াদ শেষ হবে আর ১০ মাস পর। তবে জুভেন্টাসও তাকে ছেড়ে দিতে চাইছে ক্লাবের বেতন বিল ও আর্থিক সমন্বয় করতে।

চলতি মৌসুমের শুরুতে জুভেন্টাস ঘোষণা দেয়, করোনাভাইরাস মহামারির কারণে সাড়ে ২৭ কোটি পাউন্ড হারিয়েছে তারা। অর্থের অভাবে ট্রান্সফার মার্কেটে তাদের কার্যক্রম হবে সীমিত।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading