সড়ক দুর্ঘটনার কবলে চার অভিনয়শিল্পী
উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৭ আগস্ট ২০২১| আপডেট ১৩:৩৫
রাজধানীর গুলশানে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মের চার অভিনয়শিল্পী শরিফুল রাজ, খায়রুল বাসার, নাজিফা তুষি ও জুনায়েদ বোগদাদী।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিবাগত রাতে নগরীর গুলশান অ্যাভিনিউ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে এই চার অভিনয়শিল্পীসহ তাদের এক বন্ধু আহত হয়েছেন। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
দুর্ঘটনার শিকার অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘আমাদের বহন করা প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং আমরা আহত হই। এ ঘটনার পর পরই আমাদের উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ভাগ্যক্রমে বেঁচে গেছি। এখনো ট্রমার মধ্যে আছি।’
সম্প্রতি মুক্তি পেয়েছে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মটি। ভ্রমণ–রোমাঞ্চ–ট্র্যাজেডি, নানা ঘরানার এ সিনেমা মুক্তির পর থেকে প্রশংসা কুড়াচ্ছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শরিফুল রাজ, নাজিয়া হক অর্ষা, নাজিফা তুষি, ইয়াশ রোহান, তাসনিয়া ফারিণ, তাসনুভা তিশা, খায়রুল বাশার, জোনায়েদ বোগদাদী প্রমুখ।
ইউডি/কেএস

