বিশ্বকাপের আগে ফিফার নতুন নিয়ম স্বস্তি ফেরাল আর্জেন্টিনার

বিশ্বকাপের আগে ফিফার নতুন নিয়ম স্বস্তি ফেরাল আর্জেন্টিনার

উত্তরদক্ষিণ। শনিবার, ০৯ মে, ২০২৬, আপডেট ১০:২০

সবার শীর্ষে থেকে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও বাছাইয়ের শেষে ম্যাচে তাদের তারকা ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি লাল কার্ড দেখায় বিশ্বকাপের প্রথম ম্যাচে নিষেধাজ্ঞার খড়গ মাথায় ঝুলছিল। টুর্নামেন্টের শুরুতেই তাকে না পাওয়ার শঙ্কায় ছিল লিওনেল স্কালোনির দল। কিন্তু আসন্ন মেগা ইভেন্টের আগে ফিফার নতুন নিয়ম আর্জেন্টাইন শিবিরে স্বস্তি ফিরিয়েছে।

গতকাল (শুক্রবার) আর্জেন্টিনার এই সুখবর নিশ্চিত করেছে ফিফা। বাছাইয়ে লাল কার্ড দেখার জেরে এখন আর বিশ্বকাপ ম্যাচে নিষেধাজ্ঞায় পড়তে হবে না বলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ৬টি মহাদেশীয় ফুটবল সংস্থার সভাপতিদের প্যানেলে সিদ্ধান্ত হয়েছে। ফিফার বিবৃতিতে জানানো হয়– ‘একটি হলুদ কার্ড, সম্ভাব্য এক বা দুই ম্যাচের নিষেধাজ্ঞা আর চূড়ান্ত প্রতিযোগিতায় বহাল থাকবে না। এর মাধ্যমে দলগুলো যেন তাদের সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী স্কোয়াড নিয়ে বৈশ্বিক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেটি নিশ্চিত করা হবে।’

গত বছরের সেপ্টেম্বরে বাছাইয়ের শেষ ম্যাচে আর্জেন্টিনা-ইকুয়েডর মুখোমুখি হয়েছিল। যেখানে স্কালোনির শিষ্যরা ১-০ গোলে হারের পাশাপাশি বড় ধাক্কা হয়ে আসে ওতামেন্দির লাল কার্ড। ইকুয়েডর তারকা ময়েসেস কায়কেদোকেও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল। তাকেও আর নিষেধাজ্ঞা কাটাতে হবে না বিশ্বকাপের প্রথম ম্যাচে। বাছাই শেষে আর্জেন্টিনার পরের অবস্থানে (দুই) থেকে বিশ্বকাপের মূলপর্বে ওঠে ইকুয়েডর।

এর আগে আসন্ন বিশ্বকাপ ম্যাচে নিষেধাজ্ঞার হাত থেকে মুক্তি পেয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোও। বিশ্বকাপ বাছাইয়ে প্রতিপক্ষ দল আয়ারল্যান্ডের খেলোয়াড়কে কনুই মেরে তিনি তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কায় ছিলেন। যা কার্যকর হলে ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের প্রথম দুই ম্যাচে খেলা হতো না রোনালদোর। পরে ফিফা এই তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য পর্যবেক্ষণমূলকভাবে স্থগিত রাখার কথা জানায়। এর বাইরে লাল কার্ডের জন্য ইতোমধ্যে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়েছেন সিআরসেভেন।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২৩তম ফুটবল বিশ্বকাপের আসর শুরু হবে ১১ জুন থেকে, চলবে ১৯ জুলাই পর্যন্ত। ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে। সব ঠিক থাকলে এবার চতুর্থ বিশ্বকাপ আসর খেলতে নামবেন ৩৮ বছর বয়সী ডিফেন্ডার ওতামেন্দি। বেনফিকার এই সেন্টারব্যাক ২০১০, ২০১৮ এবং সর্বশেষ ২০২২ কাতার আসরে খেলেছেন। চ্যাম্পিয়ন হওয়া বিশ্বকাপে তিনি ছিলেন আর্জেন্টিনার প্রতিটি ম্যাচেই।

অন্যদিকে, ইকুয়েডর ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে আইভরি কোস্টের মুখোমুখি হবে। এর আগে কাতার বিশ্বকাপেও খেলেছেন চেলসির ২৪ বছর বয়সী ইকুয়েডর মিডফিল্ডার কায়কেদো। ওতামেন্দি-কায়কেদোর মতো বিশ্বকাপ ম্যাচে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন কাতারের ডিফেন্ডার তারেক সালমানও। অক্টোবরে আরব আমিরাতের বিপক্ষে তিনি লাল কার্ড দেখার পর ২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে খেলোয়াড়দের নিষেধাজ্ঞামুক্ত রাখতে ফিফা হলুদ কার্ড সংক্রান্ত নিয়মেও পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী– গ্রুপ পর্বের তিন ম্যাচে কেউ একটি হলুদ কার্ড দেখলে সেই রেকর্ড মুছে যাবে। ফলে নকআউটে খেলতে অসুবিধা হবে না তাদের। একইভাবে কোয়ার্টার ফাইনালের পর আবারও হলুদ কার্ডের তথ্য মুছে যাবে, যা সেমিফাইনালে ওঠা দলগুলোর খেলোয়াড়দের সুবিধা দেবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading