চিড়িয়াখানা খোলার প্রথম দিনেই উপচে পড়া ভিড়

চিড়িয়াখানা খোলার প্রথম দিনেই উপচে পড়া ভিড়

উত্তরদক্ষিণ| শনিবার, ২৮ আগস্ট ২০২১| আপডেট ০৮:৩০

দীর্ঘদিন পর ঢাকা চিড়িয়াখানা খুলছে। খোলার প্রথম দিনে শুক্রবার (২৭ আগস্ট) চোখে পড়ার মতো ভিড় ছিল। তবে দর্শনার্থীদের মাস্ক ছাড়া চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল চিড়িয়াখানা। সরকারি নির্দেশনায় খুলে দেওয়া হয়েছে। রাজধানীর নয়াবাজার থেকে সপরিবারে জাতীয় চিড়িয়াখানায় এসেছেন মোমেন আহসান। তিনি বলেন, ‘করোনার লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল বিনোদনকেন্দ্র। অনেক দিন বাসাবন্দি ছিলাম। আজ বাসা থেকে বের হলাম স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে। শুরুতেই এখানে এলাম। ভালই লাগছে।’

ঢাকা জেলার কেরনীগঞ্জ থেকে ১০-১২ জন বন্ধু মিলে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন। এদের মধ্যে হাবিবুর রহমান বলেন, ‘কেরানীগঞ্জ থেকে আমরা চিড়িয়াখানায় ঘুরতে এসেছি। দীর্ঘ কয়েকমাস কোথাও একসঙ্গে ঘুরতে যেতে পারিনি। আজ চিড়িয়াখানায় ঘুরতে এলাম ভালোই লাগছে।’

চিড়িয়াখানার এক কর্মকর্তা বলেন, ‘করোনার কারণে প্রাণিদের ঝুঁকি আছে। তাই ঝুঁকি এড়াতে জাতীয় চিড়িয়াখানায় বিশেষ কিছু প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এগুলো হলো- দর্শনার্থীদের প্রবেশের গেটে তিন ফুট দূরত্বে একটি লাল বৃত্তের মধ্যে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করা। মাস্ক পরে প্রবেশ করে ভেতরে সামাজিক দূরত্ব বজায় রেখে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ঘোরাফেরা করতে আমরা কাজ করছি। কিছু সময় পর পর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ হাতা ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। চিড়িয়াখানার মধ্যে ও বাইরে দর্শনার্থীদের জন্য ২২টি স্থানে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও পানির ব্যবস্থা করা হয়েছে। ডিজিটাল ডিসপ্লেতে স্বাস্থ্যবিধির বিষয়ে সর্তক করা হচ্ছে।’

এ বিষয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ বলেন, ‘জাতীয় চিড়িয়াখানা আজ থেকে সরকারি নির্দেশনায় খুলে দেওয়া হয়েছে। রবিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকবে। তবে মুজিবশতবর্ষ উপলক্ষে প্রতিমাসের প্রথম রবিবারও চিড়িয়াখানা খোলা থাকবে।’

মাস্ক ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading