নদীগর্ভে সড়ক বিলীন, ভোগান্তিতে ২টি ইউনিয়নের মানুষ
উত্তরদক্ষিণ| সোমবার, ৩০ আগস্ট ২০২১| আপডেট ১৮:০০
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি এলাকায় সুগন্ধা নদীর ভাঙনে একটি গুরুত্বপূর্ণ সড়ক বিলীন হয়ে গেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বাহেরচর এলাকায় অবস্থিত বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেকোনো যানবাহনে রোগী পরিবহন বন্ধ রয়েছে। আর নদীগর্ভে বিলীন সড়কের পাশের নালাজমি দিয়ে কোনোমতে পায়ে হেটে চলাচল করছেন স্থানীয়রা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী এবং সড়কে চলাচলকারীরা।
এমতাবস্তায় নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার নির্দেশ দিয়েছেন বরিশাল সফররত পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। সোমবার (৩০ আগস্ট) বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ এ তথ্য জানিয়েছেন।
দেহেরগতি ইউনিয়নের চেয়ারম্যান মো. মশিউর রহমান জানান, এর আগে সুগন্ধা নদীর ক্ষুদ্রকাঠী এলাকায় ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলেও শেষ রক্ষা হয়নি। সুগন্ধা নদীর ভাঙনের কবল থেকে ওই এলাকা রক্ষায় স্থায়ীভাবে তীর সংরক্ষণের দাবি জানান তিনি।
বরিশাল স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন বলেন, পানি উন্নয়ন বোর্ড সুগন্ধা নদীর ক্ষুদ্রকাঠী অংশে নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিলে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ পুননির্মাণের উদ্যোগ নেবে এলজিইডি। একইসঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সসহ ওইসব এলাকায় চলাচলের জন্য একটি বিকল্প সড়কও উন্নয়ন করা হবে।
এ বিষয়ে জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, সুগন্ধা নদীর ক্ষুদ্রকাঠী এলাকায় এর আগেও জিও ব্যাগ ফেলা হয়েছে। এখন নদীর ভাঙন তীব্র হয়েছে। এ কারণে সড়কের একটি অংশ নদীগর্ভে চলে গেছে। বিষয়টি পানি সম্পদ প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়েছে। বরিশাল সফররত প্রতিমন্ত্রী জরুরি ভিত্তিতে ক্ষুদ্রকাঠী এলাকায় জিও ব্যাগ ফেলে সুগন্ধা নদীর ওই অংশে ভাঙন প্রতিরোধের নির্দেশ দিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে ওই কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

