১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন টেইলর

১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন টেইলর

উত্তরদক্ষিণ| সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১০:৪০

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের সবসময়ের সেরা ব্যাটসম্যানদের একজন ব্রেন্ডন টেইলর। ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার ১৭ বছর জিম্বাবুয়ের হয়ে ক্রিকেট খেলেছেন।

সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে জাতীয় দলের জার্সি তুলে রাখবেন তিনি। ২০০৪ সালে জাতীয় দলের জার্সিতে তার অভিষেক।

অভিষেকের পর থেকে দ্যুতি ছড়িয়ে জিম্বাবুয়ের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের আগ পর্যন্ত টেইলর খেলেছেন ২০৪ ওয়ানডে। ৩৫.৭০ গড়ে করেছেন ৬৬৭৭ রান।

জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত এ সংস্করণে তার চেয়ে বেশি রান আছে শুধু অ্যান্ডি ফ্লাওয়ারের (৬৭৮৬)। শেষ ম্যাচে ফ্লাওয়ারকে ছাড়িয়ে যেতে টেলরের প্রয়োজন আরও ১১০ রান। ইন্সটাগ্রামে টেইলর তার অবসরের ঘোষণা দেন।

তিনি এই পোস্টে লিখেন,‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আগামীকালের ম্যাচটি আমার প্রিয় দেশের হয়ে শেষ ম্যাচ হতে যাচ্ছে। হৃদয় থেকে বলছি, আমি নিজেকে ভাগ্যবান মনে করি আজকের এ অবস্থানে আসার জন্য। গর্বের সঙ্গে ব্যাজটা পরতে শিখিয়েছে, মাঠে সবকিছু উজাড় করে দিতে শিখিয়েছে।’

২০১১ থেকে ২০১৪ পর্যন্ত জিম্বাবুয়ে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ রানও করেছিলেন তিনি। তবে পরবর্তী তিন মৌসুম তাকে পায়নি জিম্বাবুয়ে। কলপ্যাক চুক্তিতে নটিংহ্যাম্পশায়ারে খেলেছেন।

৩৪ টেস্টে ২৩২০ ও ৪৫ টি-টোয়েন্টিতে ৯৩৪ রান করেছেন তিনি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ব্যাটেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে তার রেকর্ড বেশ ঈর্ষণীয়। তিন ফরম্যাট মিলিয়ে ৭৫ ম্যাচে রান করেছেন ২৮৭৩। সেঞ্চুরি আছে ৭টি।

কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading