জীবিত আফগান উপপ্রধানমন্ত্রীর অডিও বার্তা
উত্তরদক্ষিণ| সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৭:৩০
আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী ও তালেবানের সহপ্রতিষ্ঠাতা আবদুল গণি বারাদারের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। উদ্ভূত পরিস্থিতিতে এক অডিও বার্তায় নিজের বেঁচে থাকার কথা জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যম এএফপি-র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফ্রান্স ২৪।
অডিও বার্তায় আবদুল গণি বারাদার বলেন, তিনি বেঁচে আছেন এবং সুস্থ আছেন। সোশ্যাল মিডিয়ায় যে গুজব রটেছে সেটি ‘ভুয়া প্রপাগান্ডা।’ সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ভারতে তার মৃত্যুর গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এতে বলা হয়, কাবুলের প্রেসিডেন্ট প্যালেসে তালেবানের বিবদমান গ্রুপগুলোর মধ্যে বন্দুকযুদ্ধে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। পরে তার মৃত্যু হয়।
এমন গুজবের ফলে অডিও বার্তা নিয়ে সামনে আসতে হয় বারাদারকে। তিনি বলেন, ‘মিডিয়ায় আমার মৃত্যুর খবর আসছে। তারা সব সময় ভুয়া প্রপাগান্ডা ছড়ায়। এই মুহূর্তে আমি যেখানেই আছি, আমার সব ভাই ও বন্ধুদের নিয়ে ভালো আছি।’
আবদুল গণি বারাদার বলেন, আপনাদের শতভাগ নিশ্চিত করছি যে, তালেবানের মধ্যে অভ্যন্তরীণ কোনও ঝামেলা নেই।

