প্রতিশ্রুতি ভঙ্গ করছে তালেবান শাসকরা: জাতিসংঘ

প্রতিশ্রুতি ভঙ্গ করছে তালেবান শাসকরা: জাতিসংঘ

উত্তরদক্ষিণ| সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ২৩:০০

আফগানিস্তানের তালেবান শাসকরা প্রকাশ্যে মানবাধিকার বিশেষত, নারী অধিকার রক্ষায় যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা ভঙ্গ করছে। তারা নারীদের ঘরে থাকার নির্দেশ দিচ্ছে, কিশোরীদের স্কুলে যেতে বাধা দিচ্ছে।

এমনকী ঘরে ঘরে পুরোনো শত্রুদের খুঁজে বেড়াচ্ছে বলে সোমবার জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে।

তিনি বলেন, তালেবান গতমাসে ক্ষমতা দখলের পর আফগানিস্তান ‘নতুন এবং এক বিপজ্জনক’ অধ্যায়ে প্রবেশ করেছে। নারীরাসহ জাতিগত এবং ধর্মীয় অনেক সম্প্রদায়ই গভীরভাবে উদ্বিগ্ন।

জেনেভায় মানবাধিকার পরিষদে মিশেল বলেন, “তালেবান নারী অধিকার সমুন্নত রাখার আশ্বাস দিলেও গত তিন সপ্তাহে এর উল্টোটাই দেখা গেছে। তারা নারীদেরকে রেখেছে অন্তরালে। তালেবানের নতুন সরকারে নারী প্রতিনিধিত্ব না থাকা নিয়েও ব্যাশেলে হতাশা প্রকাশ করেন।

কোথাও কোথাও ১২ বছরের মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। নারীদের ঘরে থাকতে বলা হয়েছে সেই ১৯৯৬-২০০১ সালের সময়কার তালেবান শাসনের মতো। তাছাড়া, আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সরকারের নিরাপত্তা কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণার পরও তালেবান প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে জানিয়েছেন ব্যাশেলে।

ওইসব কর্মকর্তাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করা লোকজনদের ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালানোর একাধিক অভিযোগ পেয়েছে জাতিসংঘ। তাছাড়া জাতিসংঘের কয়েকজন স্টাফও বাড়তে থাকা হামলা এবং হুমকির খবর জানিয়েছে।

ব্যাশেলে জানান, আফগান সামরিক বাহিনীর সদস্যদের ওপর প্রতিশোধ হামলা হওয়ার খবরও তারা পেয়েছেন। তাই আফগানিস্তানে মানবাধিকারের বিষয়টি নজরে রাখার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

ওদিকে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আফগানিস্তানের জন্য ত্রাণ পেতে জেনেভায় আয়োজিত এক সম্মেলনের উদ্বোধনী ভাষণে বলেছেন, কয়েক দশকের যুদ্ধ, দুর্ভোগ এবং অনিরাপত্তার পর আফগানরা সম্ভবত এখন “সবচেয়ে বিপজ্জনক সময় পার করছে।”

তিনি বলেন, গোটা দেশই ভেঙে পড়ার ঝুঁকির মুখে আছে আফগান জনগণ। এ মাসের শেষেই আফগানিস্তানে খাদ্য সরবরাহ ফুরিয়ে যেতে পারে বলে জানান গুতেরেস।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading