ঠাকুরগাঁওয়ে ৫ স্কুলশিক্ষার্থী করোনায় আক্রান্ত, ক্লাস বন্ধ

ঠাকুরগাঁওয়ে ৫ স্কুলশিক্ষার্থী করোনায় আক্রান্ত, ক্লাস বন্ধ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১। আপডেট ২২:২০

ঠাকুরগাঁওয়ে একটি স্কুলের পাঁচ ছাত্রী করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে দুজন চতুর্থ ও তিনজন পঞ্চম শ্রেণিতে পড়ে। এরা সবাই সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কলোনি এলাকার বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

রবিবার (১৯ সেপ্টেম্বর) তাদের সবার করোনা টেস্টের জন‌্য স‌্যাম্পল দেওয়া হয়। বুধবার (২২ সেপ্টেম্বর) ওই পাঁচ শিক্ষার্থীর করোনা পজিটিভ রেজাল্ট আসে। তাদের সবার বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে।

এদিকে পাঁচ শিক্ষার্থীর করোনা শনাক্তের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার ২৩ (সেপ্টেম্বর) বিদ্যালয়ের ওই দুই শ্রেণির ক্লাস বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। তবে বাকি শ্রেণিগুলোর ক্লাস স্বাভাবিক নিয়মেই চলছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা পারভিন জানান, করোনাভাইরাসের কারণে প্রায় ১৭ মাস স্কুল বন্ধ ছিল। গত ১২ সেপ্টেম্বর সরকারি নির্দেশনা মেনে স্কুল খোলা হয়। বর্তমানে স্কুলটিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪২৬ জন ছাত্র-ছাত্রী রয়েছে।

তিনি বলেন, স্কুল খোলার পর থেকে প্রতিটি শিক্ষার্থীর শরীরের তাপমাত্রা পরিমাপ করে তারপর ক্লাসে নেওয়া হয়। রোববার চতুর্থ শ্রেণির দুজন ও পঞ্চম শ্রেণির তিন ছাত্রীর মধ্যে করোনার উপসর্গ দেখা যায়। পরে ওই দিনই ‘ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার বালিকা কর্তৃপক্ষ’-এর সঙ্গে যোগাযোগ করে তাদের করোনার স‌্যাম্পল নেওয়ার ব‌্যবস্থা করা হয়। পরে বুধবার (২২ সেপ্টেম্বর) ছাত্রীদের করোনা আক্রান্তের খবর পাওয়া যায়।

তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। তাদের মৌখিক নির্দেশে আপাতত চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান বন্ধ রাখা হয়েছে। তবে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির পাঠদান কার্যক্রম সচল রয়েছে।’

ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক মোছা. রিক্তা বানু বলেন, ‘সোমবার থেকে বুধবার পর্যন্ত শিশু পরিবারের ২৫ জন ছাত্রীর নমুনা পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে দেওয়া হয়। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া পাঁচ জনসহ মোট ১৩ জন ছাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত সবাই শিশু পরিবারের সদস্য। তাদের আলাদাভাবে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মমতাজ ফেরদৌস বলেন, ‘বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ ছাত্রী করোনায় আক্রান্ত হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আগামী এক সপ্তাহের জন্য ওই বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস বন্ধ করে রাখা হয়েছে।’

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল অফিসার রকিবুল আলম চয়ন বলেন, সরকারি শিশু পরিবার বালিকার ১৩ জন ছাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের আলাদাভাবে আইসোলেশনে রাখা হয়েছে। এর পাশাপাশি আক্রান্তের দিন থেকেই তাদের শারীরিক অবস্থা পর্যক্ষেণ করা হচ্ছে। তারা বর্তমানে সুস্থ আছে।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়ে স্বাস্থ‌্য সুরক্ষা বজায় রেখে ক্লাস নেওয়া হচ্ছে। যদি কোনো শিক্ষার্থীর করোনার লক্ষণ দেখা দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে তার নমুনা পরীক্ষা করা হচ্ছে। যেসব শ্রেণির শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে তাৎক্ষণিকভাবে সেসব শ্রেণির ক্লাস বন্ধ রাখা হয়েছে। এছাড়া আক্রান্তদের চিকিৎসাসেবাও দেওয়া হচ্ছে।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন মাহফুজুর রহমান পাঁচ শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আক্রান্তদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। এছাড়া বিদ্যালয়গুলিকে স্বাস্থ্যবিধি মানার ব‌্যাপারে আরও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading