সৈয়দপুর-চট্রগ্রামে চলবে ইউএস-বাংলার বিমান

সৈয়দপুর-চট্রগ্রামে চলবে ইউএস-বাংলার বিমান

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১ অক্টোবর ২০২১। আপডেট ১২:৩০

সপ্তাহে তিন দিন রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সৈয়দপুর-চট্রগ্রাম রুটে চলবে ইউএস-বাংলার বিমান। সব ধরনের ট্যাক্স ও চার্জসহ জনপ্রতি ন্যূনতম ওয়ানওয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২০০ টাকা।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ইউএস-বাংলার এই বিমান চলাচল উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলী বলেন, বিমানের যাত্রী সেবায় সামান্য ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। পর্যটন বিকাশে যাত্রীদের নিরাপদ ভ্রমণের পরিবেশ তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দর হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে, কাজ চলমান রয়েছে। এই বিমানবন্দর থেকে বিশ্বের সকল দেশে যাওয়া যাবে। এই বিমানবন্দরকে কেন্দ্র করে এই অঞ্চলে নানা শিল্প ও পর্যটন কর্মযজ্ঞ গড়ে উঠবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন বলেন, সকাল ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে আসবে। একই দিন সৈয়দপুর বিমানবন্দর থেকে দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করবে। বাংলাদেশি পাইলটরা বিশ্বের সেরা পাইলট, বর্তমানে ইউএস বাংলার সকল এয়ারক্রাফট নতুন। বিশ্বের প্রথম সারির কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতা করে সেবা দিয়ে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দেশীয় বিমানগুলো ভালো সেবা দিচ্ছে। আপনারা দেশীয় বিমানে ভ্রমণ করুন।

উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেসুর রহমান বিপিএম, পিপিএম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান বেবি বক্তব্য রাখেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading