বাসায় ফিরে গেলেন পেলে
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১ অক্টোবর ২০২১। আপডেট ১১:৪০
কোলনের টিউমার অপসারণের পর প্রায় একমাস ধরে হাসপাতালে সময় কাটিয়ে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) হাসপাতাল ছাড়লেন পেলে। এখন তাকে কেমোথেরাপি দিতে হবে। একটি রুটিন স্বাস্থ্য পরীক্ষার পর তার কোলনে টিউমার ধরা পড়ে এবং ৪ সেপ্টেম্বর অস্ত্রোপচার হয় ব্রাজিলিয়ান লিজেন্ডের।
টিউমার অপসারণের পর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের আইসিইউ ও কেবিনে দিন কাটাতে হয়েছিল পেলেকে। তবে সোশ্যাল মিডিয়ায় তার পরিবারের নিয়মিত পোস্টে ভক্ত-সমর্থকদের জানাতে থাকেন, তিনি সেরে উঠছেন। কখনও তাকে গান গাইতে, তাস খেলতে কিংবা হাত মুঠো করে বাতাসে ভাসিয়ে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।
একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা পেলেকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার ঘোষণা দেয় হাসপাতাল। এক বিবৃতিতে তারা বৃহস্পতিবার জানায়, পেলে স্থিতিশীল আছেন এবং সকালেই তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে কেমোথেরাপি চালিয়ে যেতে হবে।
সন্ধ্যার দিকে হাসপাতাল ছাড়েন পেলে এবং তার চিকিৎসায় নিয়োজিত হাসপাতাল স্টাফদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন। স্ত্রী মার্সিয়া আওকি, চিকিৎসক ও নার্সদের পাশে রেখে তোলা নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘যখন পথ কঠিন, তখন ওই যাত্রার প্রত্যেকটি ধাপ উদযাপন করুন। সুখের দিকে নজর দিন। এটা সত্যি যে আমি আর কখনও লাফাতে পারব না, কিন্তু গত কয়েক দিনে আমি আগের চেয়েও অনেক বেশি বাতাসে ঘুষি মেরেছি। বাড়ি ফিরছি, আমি খুব খুশি। আমি পুরো আলবার্ট আইনস্টাইন হাসপাতাল দলকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার এই থাকাটা সুখকর করেছে, মানবিকতা ও ভালোবাসা দিয়ে আমাকে অভ্যর্থনা জানিয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা দূর থেকে আমার জীবনকে পরিপূর্ণ করেছেন অসংখ্য ভালোবাসার বার্তা পাঠিয়ে।’
ইউডি/সুস্মিত

