ঢাকায় এবারও হচ্ছে না কুমারী পূজা

ঢাকায় এবারও হচ্ছে না কুমারী পূজা

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ অক্টোবর ২০২১ । আপডেট ১২:০০

করোনাভাইরাস মহামারীর মধ্যে জনসমাগম এড়াতে গতবারের মত এবারও দুর্গা পূজার মহা অষ্টমীতে রাজধানীর কোনো মণ্ডপে কুমারী পূজা হচ্ছে না।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকায় কুমারী পূজায় ১০-১২ হাজার মানুষের সমাগম ঘটে। স্বাস্থ্যবিধি মানা খুব কঠিন; করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বিবেচনায় ঢাকায় কোথাও কুমারী পূজা হচ্ছে না।”

সাধক রামকৃষ্ণ পরমহংসদেব বহু বছর আগে নিজের স্ত্রী সারদা দেবীকে মাতৃজ্ঞানে যে পূজা করেছিলেন, তারই ধারাবাহিকতায় ভারতীয় উপমহাদেশের রামকৃষ্ণ মিশন ও মঠগুলোতে কুমারী পূজার আয়োজন করা হয়। মহামারীর কারণে গত বছরও এ পূজা হয়নি।

এবার ঢাকার বাইরে ‍শুধু যশোর রামকৃষ্ণ মঠে কুমারী পূজার আয়োজন হয়েছে বলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে।

ভক্তদের বিশ্বাস, যে ত্রিশক্তির বলে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি-স্থিতি-লয়ের চক্রে আবর্তিত হচ্ছে, সেই শক্তি বীজ আকারে কুমারীতে নিহিত। সেই বিশ্বাস থেকেই দেবী দুর্গার কুমারীরূপের আরাধনা করেন তারা।

হিন্দু বিশ্বাস অনুযায়ী, দশভূজা দেবী দুর্গা অসুর বধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন। সন্তানদের নিয়ে পক্ষকাল পিতার গৃহে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে। আশ্বিন শুক্লপক্ষের এই ১৫টি দিন দেবীপক্ষ, মর্ত্যলোকে উৎসব।

সোমবার সকালে ষষ্ঠী তিথিতে বেলতলায় বিহিতপূজার পর দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা হয়। সন্ধ্যায় হয় দেবীর বোধন, অর্থাৎ ঘুম ভাঙানোর আরাধনা।

মঙ্গলবার ছিল দেবী দুর্গার মর্ত্যে আসার দিন, মহাসপ্তমী। মণ্ডপে মণ্ডপে কলাবউ সাজিয়ে দেবী দুর্গার নয়টি বিশেষ রূপের আরাধনা করেন ভক্তরা, মঙ্গল কামনা করেন নিজের, পরিবারের এবং দেশের জন্য।

বুধবার মহাঅষ্টমীর দুপুরে মণ্ডপে মণ্ডপে প্রসাদ বিতরণ করা হবে; রাতে হবে সন্ধি পূজা। বৃহস্পতিবার বিহিত পূজার মাধ্যমে হবে মহানবমীর আরাধনা।ৎ

শুক্রবার বিজয়া দশমীতে দর্পন বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

এবার সারা দেশে ৩২ হাজার ১১৭টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে; তার মধ্যে ঢাকা পূজা হচ্ছে ২৩৮টি মণ্ডপে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading