শুক্রবার মুক্তি পাচ্ছে ‘চন্দ্রাবতী কথা’

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘চন্দ্রাবতী কথা’

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ । আপডেট ২২:০৫

শুক্রবার (১৫ অক্টোবর) মুক্তি পাচ্ছে এন রাশেদ চৌধুরী পরিচালিত ছবি ‘চন্দ্রাবতী কথা’। ছবিটি সারাদেশের ৪টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

যে সকল সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে— স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত স্কয়ার), যমুনা ব্লকবাস্টার সিনেমাস, সিনেস্কোপ (নারায়ণগঞ্জ)।

সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর সেন্সর বোর্ড সিনেমাটি আটকে রাখে এক বছরেরও অধিক সময়। শেষ পর্যন্ত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কোন ধরনের কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পায় ‘চন্দ্রাবতী কথা’।

অসম্ভব প্রতিভাবান ও সংগ্রামী নারী চন্দ্রাবতীর সারাজীবনের একটি গল্প। তাই এর পরিধিও বড়। চন্দ্রাবতীর জীবনী দেখানোর সঙ্গে সঙ্গে সিনেমাতে ওই সময়ের সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট, ঘটনা এবং পারফরম্যান্স স্টাইলও উঠে এসেছে বলে জানিয়েছেন নির্মাতা।

বাংলাদেশের প্রথম নারী কবি চন্দ্রাবতী রচিত মলুয়া, দস্যু কেনারামের পালা এবং রামায়ণ অমর সৃষ্টি। চন্দ্রাবতীর নিজের জীবন ছিল অসম্ভব নাটকীয়। ষোড়শ শতকের অসম্ভব প্রতিভাবান ও সংগ্রামী এই নারীকে নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী দিলরুবা দোয়েল এবং চন্দ্রাবতীর প্রেমিক জয়ানন্দের চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। এ ছাড়া আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ, জয়িতা মহলানবিশ প্রমুখ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading