ইংল্যান্ডে গির্জার ভেতর ব্রিটিশ এমপিকে ছুরি মেরে হত্যা

ইংল্যান্ডে গির্জার ভেতর ব্রিটিশ এমপিকে ছুরি মেরে হত্যা

উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ অক্টোবর ২০২১ । আপডেট ০০:৪৫

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি ডেভিড অ্যামেসকে পূর্ব লন্ডনে তার নির্বাচনী এলাকায় এক বৈঠক চলাকালে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যাসেক্সের সাউথহেন্ড ওয়েস্টের জনপ্রতিনিধি ৬৯ বছর বয়সী অ্যামেস শুক্রবার দুপুরে ছুরি হামলার শিকার হন। তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়।

লে-অন-সি মেথোডিস্ট চার্চে ভোটারদের সঙ্গে বৈঠক চলার সময় এক ব্যক্তি ডেভিড অ্যামেসের ওপর হামলা চালায়।

এ ঘটনায় ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

অ্যাসেক্সের পুলিশ বলছে, দুপুর ১২টা ৫ মিনিটের দিকে তারা হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এমপি ডেভিড অ্যামেসকে আহত অবস্থায় পায়। সঙ্গে সঙ্গে জরুরি চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

বিবিসি জানিয়েছে, ১৯৮৩ সাল থেকে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা ডেভিড অ্যামেস পাঁচ সন্তানের বাবা। তার মৃত্যুতে শোক প্রকাশ করে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, “তিনি ছিলেন দারুণ একজন মানুষ, ভালো বন্ধু, ভালো একজন এমপি। নিজের গণতান্ত্রিক দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিহত হলেন।”

প্রায় ৪০ বছর ধরে কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্য ছিলেন অ্যামেস। ১৯৮৩ সালে বসিলডনের এমপি হিসাবে তিনি পার্লামেন্টে স্থান করে নেন। ১৯৯২ সাল পর্যন্ত তিনি এ আসনেই ছিলেন। পরে ১৯৯৭ সালে তিনি সাউথহেন্ড ওয়েস্ট থেকে এমপি হন।

গর্ভপাতের বিরুদ্ধে এবং প্রাণী কল্যাণের জন্য তিনি প্রচার চালিয়েছিলেন। পার্লামেন্টে তিনি গর্ভপাত বিষয়ক সংশোধনী বিল এবং প্রাণী সুরক্ষা বিলও এনেছিলেন। পরে তা আইনে পরিণত হয়। ২০১৬ সালে ইইউ গণভোটের আগে ব্রেক্সিটও সমর্থন করেছিলেন অ্যামেস।

তার প্রতি শ্রদ্ধা জানাতে পার্লামেন্টে পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। ডেভিড অ্যামেস গত পাঁচ বছরের মধ্যে দায়িত্বে থাকা অবস্থায় নিহত হওয়া দ্বিতীয় ব্রিটিশ এমপি।

এর আগে ২০১৬ সালে নিহত হয়েছিলেন লেবার পার্টির এমপি জে কক্স। ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির বাইরে তাকে হত্যা করা হয়েছিল। সেখানকার নির্বাচনী এলাকায় একটি বৈঠক করার কথা ছিল তার।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading