‘কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই বিচারের আওতায় আনা হবে’
উত্তরদক্ষিণ। রবিবার, ১৭ অক্টোবর ২০২১ । আপডেট ০০:৩০
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লার ঘটনার পেছনে কারণ খোঁজা হচ্ছে। যারা জড়িত, খুব শিগগির তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।
শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির নাট্যশালায় আয়োজিত ডকু ড্রামা ‘দুটি যুদ্ধের একটি গল্প’র প্রদর্শনী উদ্বোধন করার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এ ঘটনায় যারা ক্ষুব্ধ তাদেরকে ধৈর্য্য ধরার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, সবাইকে চিহ্নিত করে সামনে হাজির করা হবে। পবিত্র কোরআন মুসলমানরা হৃদয়ে ধারণ করেন। কোরআনের অবমাননা যেভাবে দেখানো হয়েছে তিনি বিশ্বাস করেন সেরকম কিছু ঘটেনি।
এ ঘটনার পর যারা অহেতুক ভাঙচুরে লিপ্ত হয়েছে এবং উস্কানি দিচ্ছে; তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, অসম্প্রদায়িক এই দেশে এ ধরণের ঘটনা মেনে নেওয়া হবে না। অপরাধী যেই হোক না কেন তাকে খুঁজে বের করা হবে।

