বিশ্বকাপে টিকে থাকতে হলে ওমানের বিপক্ষে জিততেই হবে টাইগারদের
উত্তরদক্ষিণ। সোমবার, ১৮ অক্টোবর ২০২১ । আপডেট ২১:৩০
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আগামীকাল মঙ্গলবার স্বাগতিক ওমানের বিপক্ষে জিততেই হবে টাইগারদের। মাস্কাটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ ‘বি’তে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে।
টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্স।
বাংলাদেশের জন্য দ্বিতীয় ম্যাচটি হবার কথা ছিলো সুপার টুয়েলভ নিশ্চিতের, কিন্তু এখন তারা বাঁচা-মরার লড়াইয়ে নামছে। কারণ নিজেদের প্রথম ম্যাচে গতকাল স্কটল্যান্ডোর কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেছে টিম বাংলাদেশ। বিশ্বকাপের আগে ঘরের মাঠে স্লো উইকেটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশ। এই ধরনের উইকেটে খেলে বিশ্বকাপে জ্বলে উঠা যাবে না বলে আগেই সতর্ক করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যুক্তি ছিল জয়ের অভ্যাস করা, কিন্তু বিশেষজ্ঞদের বার্তাটি মূল্যবান ছিল।
২০১২ সালে এই ফরম্যাটে প্রথম মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও স্কটল্যান্ড। সে ম্যাচটিও জিতেছিলো স্কটল্যান্ড।
ওমানের বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচে কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, আমাদের ব্যাটিং উদ্বেগের বিষয়। আমাদের আরও ভালো ব্যাটিং করতে হবে। পরিস্থিতি যাই হোক না কেন আমাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং লাইন-আপে নয় নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন পর্যন্ত আমাদের ব্যাটিং গভীরতা আছে। আগামীকাল আমাদের কিছু পরিবর্তন নিয়ে ভাবতে হবে।

