ই-কমার্সে শৃঙ্খলা ফেরাতে এক মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন

ই-কমার্সে শৃঙ্খলা ফেরাতে এক মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ । আপডেট ১৪:৫৫

ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে আগামী এক মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে ই-কমার্স ব্যবসায় প্রতারিত ভোক্তা অধিকার সুরক্ষার বিষয়ে গঠিত কমিটি। গতকাল সোমবার (১৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো থেকে প্রতারিত গ্রাহকদের অধিকার সুরক্ষার বিষয়ে এক করণীয় নির্ধারণী বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘অর্থ-সম্পদ রিকভারি করার পদ্ধতি নির্ধারণ করে সেটা আমরা কেবিনেটে পাঠাবো। সেখানে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হবে কি না সেটা তারা ঠিক করবে। আবার ই-ভ্যালিতে অ্যাডমিনিস্ট্রেটর হাইকোর্ট থেকে নিয়োগ করে দেওয়া হচ্ছে। সেভাবে যদি করা হয়, সেটাও হতে পারে।’

শফিকুজ্জামান বলেন, ‘আমরা ভোক্তা অধিকার সুরক্ষায় আটটি সুপারিশ নির্ধারণ করেছি। এই সুপারিশগুলো আমরা কেবিনেটে পাঠাবো। পরে সেখান থেকে নির্দেশনা আসবে। সেখান থেকে সিদ্ধান্ত এলে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। সব ই-কমার্স প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন কীভাবে করা যায় সে বিষয়ে আমরা একটা রিকমেন্ডেশন দেব।’ ই-কমার্স প্রতিষ্ঠানকে ভ্যাট-ট্যাক্সের আওতায় আনতেও তারা প্রতিবেদন দেবে বলে জানান।

তিনি বলেন, ‘আগামী এক মাসের মধ্যে কমিটি বসে কেবিনেটে এই টোটাল প্রতিবেদন পাঠাবে। এটা পাঠানোর পর সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ডিজিটাল কমার্স নীতিমালা বা ই-কমার্সকে কীভাবে শৃঙ্খলার মধ্যে আনা যায় সেটা হয়তো পলিসি মেকারদের কাছ থেকে পাব। সেই অনুযায়ী কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, গোপন সংস্থার প্রতিনিধিসহ ই-ক্যাব ও ক্যাবের প্রতিনিধিদের রাখা হবে। কীভাবে বিষয়গুলো সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেটা তারা বসে ঠিক করবে।’

অতিরিক্ত সচিব বলেন, ‘ই-কমার্সের ঘটনা অবশ্যই একটা ড্যামেজ। কিন্তু ই-কমার্সকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। সবাই মিলে ই-কমার্সকে সামনে এগিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। যে ড্যামেজ হয়েছে সেটা রিপেয়ার করে কীভাবে সামনে এগিয়ে নিতে পারব সেটাই মূল লক্ষ্য, কমিটি সেভাবেই কাজ করছে। কেবিনেট থেকে যে নির্দেশনা আসবে সেগুলো রেগুলেটরি অথরিটি ইমপ্লিমেন্ট করবে।’

তিনি বলেন, ‘ই-কমার্সের নিবন্ধন নিয়ে এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি। নিবন্ধনের ফরম্যাটটাও হয়ে গেছে। আমরা সবকিছু নিবন্ধনের মধ্যে নিয়ে আসব।’ অনলাইনে কীভাবে নিবন্ধন করা যায় সেটি নিয়েও কাজ করা হচ্ছে বলে জানান শফিকুজ্জামান।

ইউডি/আব্দুল্লাহ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading