‘কাগজ’এর কাজ প্রায় শেষের পথে

‘কাগজ’এর কাজ প্রায় শেষের পথে

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ । আপডেট ১৪:৫০

জুলফিকার জাহেদী নির্মাণ করছেন তার প্রথম চলচ্চিত্র ‘কাগজ’। যাপিত জীবনের আড়ালে লুকায়িত অন্য এক জীবনের গল্প নিয়ে থ্রিলার-রোমান্টিকধর্মী গল্পের এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা আইরিন সুলতানা। বিশেষ চরিত্রে রয়েছেন মাইমুনা মম ও এলিনা শাম্মী।

সিনেমার গল্প, চিত্রনাট্য ও প্রযোজনা করছেন নির্মাতা নিজেই। সিনেমাটির শুটিং প্রায় শেষের পথে। চলতি বছরেই এটি প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন বলে জানান এর নির্মাতা।
নায়ক ইমন তার চরিত্র প্রসঙ্গে বলেন, ‘আমি একজন লেখকের চরিত্রে অভিনয় করছি। আমার কাজ হচ্ছে কাগজে লেখা। কাগজের সাথে আমার সুন্দর একটি সম্পর্ক আছে। গল্পটি চমৎকার। সিনেমাটি মুক্তি পেলে দর্শক উপভোগ করবে।’

ইমনের বিপরীতে রেনু চরিত্রে অভিনয় করছেন আইরিন। তিনি বলেন, ‘রেনু একটি বনেদি পরিবারের মেয়ে। তার পূর্বপুরুষ বনেদি। পারিবারিক সূত্র ধরে পাওয়া বনেদি রেনুর মধ্যেও আছে। দারুণ একটি গল্প নিয়ে জুলফিকার জাহেদী ভাই সিনেমাটি নির্মাণ করছেন। আশা করছি, সিনেমাটি বাংলাদেশে নতুন প্রজন্মের দর্শকদের মাঝে মাইলফলক হিসেবে স্থান করে নেবে।’

নির্মাতা জুলফিকার জাহেদী বলেন, ‘সিনেমাটি একজন লেখকের গল্প নিয়ে। একজন লেখক কীভাবে একটি ফিলোসফি নিয়ে বিখ্যাত হয়ে ওঠেন তা দর্শক এই সিনেমায় দেখতে পাবেন। এরই মধ্যে সিনেমাটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। কাজ শেষ করে আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে মুক্তি দেওয়ার পর বাংলাদেশে মুক্তি পাবে। দর্শক গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার একটি সিনেমা দেখবেন আশা করছি।’

সিনেমাটিতে ইমন-আইরিন ছাড়া আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading