টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:৫৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। আল আমিরাত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। সৌম্য সরকার বাদ পড়েছেন। তার জায়গায় এসেছেন নাঈম শেখ। ওমান দলেও একটি পরিবর্তন আনা হয়েছে। খাওয়ার আলীকে বিশ্রামে রেখে ওমান। দলে এসেছেন ফায়াজ বাট।

বড় রান করতে চায় বাংলাদেশ, চাপ নেই ওমানের
টসের সময় মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমরা স্কোরবোর্ডে বড় রান করতে চাই। শিশির ভাবনা আমাদের মাথায় থাকলেও আমরা রান করতে চাই এবং বোলিংয়ে ভালো করে জিততে চাই। আগের দিনও শিশির ভাবনা ছিল। কিন্তু আমরা ফিল্ডিং করেছিলাম।’ ওমানের অধিনায়ক জিশান মাকসুদ বলেছেন, ‘আমাদের আজ কোনো চাপ নেই। আমরা প্রথম ম্যাচে চাপে ছিলাম। আজ নিজেদের স্থির রেখে সেরাটা খেলাটাই খেলবো।’

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, লিটন দাস, মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।

ওমান একাদশ: জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, আয়ান খান, বিলাল খান, ফায়াজ বাট, যতীন্দর সিং, কলিমউল্লাহ, মোহাম্মদ নাদিম, নাসিম খুশি, কাশ্যপ প্রজাপতি ও সন্দীপ গৌদ।

পারবে তো বাংলাদেশ?
স্কটল্যান্ডের বিপক্ষে হার কোনো অঘটন ছিল না। নিজেদের ভুলেই বাংলাদেশ ম্যাচ হেরেছে। এরকম আরেকটি ভুল বাংলাদেশের সর্বনাশ ডেকে আনতে পারে আজ। ওমানের বিপক্ষে আজ ‘পান থেকে চুন খসলেই’ শেষ বিশ্বকাপের মিশন। ভুলগুলো শুধরে দারুণ কিছুই করতে চান মাহমুদউল্লাহরা। ওমানের বিপক্ষে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচটা জিতেছিল বাংলাদেশ। আজ বাংলাদেশকে কে জেতাবে সেটাই দেখার।

বাংলাদেশের টিকে থাকার লড়াই বনাম ওমানের ইতিহাস
সুপার টুয়েলভে খেলতে হলে বাংলাদেশকে আজ ওমানকে হারাতেই হবে। শুধু ওমানকেই নয় একদিন পর পাপুয়া নিউ গিনিকেও হারাতে হবে। ওমানের সুযোগ আছে সুপার টুয়েলভে খেলার। পাপুয়া নিউ গিনিকে হারিয়ে তারা বিশ্বকাপ দারুণভাবে শুরু করেছে। বাংলাদেশকে হারাতে পারলে প্রথমবারের মতো বিশ্বআসরের মূল পর্বে খেলা একরকম প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading