বিদেশে বিনিয়োগের পথ উন্মুক্ত হচ্ছে

বিদেশে বিনিয়োগের পথ উন্মুক্ত হচ্ছে

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:১০

দেশী উদ্যোক্তাদের জন্য বিদেশে বিনিয়োগের পথ উন্মুক্ত করার জন্য উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ বিষয়ে কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, “আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, অনেক দেশে আমরাও বিনিয়োগ করতে পারি। আমাদের ব্যবসায়ীরাও বিনিয়োগ করতে পারেন, বেসরকারি খাতও বিনিয়োগ করতে পারে। আমি ভবিষ্যতে সেই সুযোগটাও সৃষ্টি করব। তার জন্য আমরা প্রস্ততি নিচ্ছি।”

বর্তমান আইনে বাংলাদেশের কোনো কম্পানি চাইলেই বিদেশে বিনিয়োগ করতে পারে না। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে শর্ত সাপেক্ষে বিনিয়োগ করতে হয়।

২০১৫ সালে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন- সংশোধন করে এই সুযোগ তৈরি করা হলেও সেখানে বিনিয়োগের সুযোগ উন্মুক্ত রাখা হয়নি।

এ পর্যন্ত ১৭টি কোম্পানি বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে বিদেশে বিনিয়োগ করছে। এসব কোম্পানির বিনিয়োগের পরিমাণ প্রায় ৫১১ কোটি টাকা।

বিদেশে বিনিয়োগ সহজ করতে এরইমধ্যে একটি নীতিমালার খসড়া তৈরি করেছে সরকার। সব পক্ষের মতামত নিয়ে তা চূড়ান্ত করার কথা।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশে যেমন বিনিয়োগ হবে, আমরাও অন্য দেশে যেন বিনিয়োগ করতে পারি। কারণ আমরা তো উন্নয়নশীল দেশ হয়ে গেছি। কাজেই আমাদের শিল্প উদ্যোক্তারা নিজের দেশে না, বিদেশে বিনিয়োগ করেও সেই পণ্য সেখানে বাজারজাত করা বা আমাদের চাহিদা মত নিয়ে আসা- সেই সুযোগটা আমরা সৃষ্টি করতে চাই এবং সেই ব্যবস্থাটা আমরা নিতে চাই।”

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading