ইসলাম অক্সিজেনের রোড শো, পুঁজিবাজার থেকে সংগ্রহ করবে ৯৩ কোটি টাকা
উত্তরদক্ষিণ । সোমবার, ২৫ অক্টোবর ২০২১ । আপডেট ১১:০৫
বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান ইসলাম অক্সিজেন লিমিটেড ৯৩ কোটি টাকা সংগ্রহ করতে চায়। এজন্য সোমবার (২৫ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে রোড শো’র আয়োজন করে কোম্পানিটি। অনুষ্ঠানে যোগ্য বিনিয়োগকারী (Eligible Investor) ও পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, পুঁজিবাজার থেকে সংগৃহীত ৯৩ কোটি টাকার বড় অংশ ব্যয় করা হবে কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণের কাজে।
আইপিওর ব্যবস্থাপনার (ইস্যু ম্যানেজার) দায়িত্ব রয়েছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
রোড-শো’তে উপস্থিত ছিলেন ইস্যু ম্যানেজার-এর প্রতিনিধি, রেজিষ্টার অফ ইস্যু এর প্রতিনিধি, আন্ডাররাইটারসহ মার্চেন্ট ব্যাংক, ফান্ড ম্যানেজার, বন্ড ম্যানেজার, ইনসুরেন্স কোম্পানী, ডিএসই-সিএসই ট্রেক হোল্ডার, মিউচ্যুয়াল ফান্ড, এনবিএফআই ও পাবলিক ইস্যু আইন-২০১৫ আনুসারের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
ইসলাম অক্সিজেনের পক্ষে চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ডিরেক্টর মো. আজহারুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার বদর উদ্দিন আল হোসাইন, কোম্পানি সেক্রেটারি মো. আখতারুজ্জামান এবং কোম্পানির স্বতন্ত্র পরিচালকগণ উপস্থিত ছিলেন।
রোড শো’তে উপস্থিত অতিথিদের সামনে কোম্পানির আর্থিকচিত্র, ভবিষ্যত ব্যবসা পরিকল্পনা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল ইসলাম। তিনি জানান, কোম্পানিটি দীর্ঘ ঐতিহ্য ও সাফল্যের ট্রেক রেকর্ড রয়েছে। শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকা এ কোম্পানি আইপিও’র তহবিল বিনিয়োগের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যাবে।
কোম্পানি সূত্রে জানা যায়, ২০০৯ সালে নিবন্ধিত গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান ইসলাম অক্সিজেন লিমিটেড বাণিজ্যিক কার্যক্রম শুরু করে ২০১৩ সালে। বর্তমানে কোম্পানির পরিশোধিত মূলধন ৯৫ কোটি টাকা।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটি ৪১ কোটি ৪৮ লাখ টাকা নিট মুনাফা করেছে। এ সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৭ পয়সা।
৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৯ পয়সা (পুনমূল্যায়ন ছাড়া)।

