জামিন পাননি আরিয়ান, কাল ফের শুনানি

জামিন পাননি আরিয়ান, কাল ফের শুনানি

উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:৩০

বোম্বে হাইকোর্টে মাদককাণ্ডে গ্রেফতার বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচার জামিন আবেদনের শুনানি আগামীকাল বৃহস্পতিবারও চলবে। শুনানি শুরু হবে ইন্ডিয়ার সময় বেলা ৩টার পরে।

টাইমস অব ইন্ডিয়া, টাইমস নাউ ও ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৭ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো জামিন আবেদনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচার আইনজীবীরা। পরে কাল ফের শুনানির আদেশ দেন আদালত।

আগামীকাল আরিয়ানের আইনজীবী ইন্ডিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল (এজিআই) মুকুল রোহাতজি জামিন আবেদনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। আজ এ আইনজীবীর সঙ্গে ছিলেন সতীশ মানশিন্ডে।

অন্যদিকে, মুনমুন ধমেচার পক্ষে জামিন শুনানিতে অংশ নেন আইনজীবী আলি কাশিফ খান দেশমুখ এবং আরবাজ মার্চেন্টের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী অমিত দেশাই। আজ অবশ্য প্রথম বারের মতো এ মামলার দুই আসামি মনীশ রাজগড়িয়া ও অভিন সাহু জামিন পেয়েছেন।

অন্যদিকে, মামলার অন্যতম সাক্ষী ও প্রত্যক্ষদর্শী প্রভাকর সেইলকে টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বয়ান রেকর্ড করেছে ইন্ডিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। শাহরুখপুত্রের বিরুদ্ধে সাক্ষী দিতে এনসিবির আঞ্চলিক পরিচালক সমীর ওয়াংখেড়ের বিপক্ষে যিনি ঘুষের অভিযোগ এনেছেন।

সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ, শাহরুখপুত্রের বিরুদ্ধে সাক্ষী দিতে ২৫ কোটি রুপির অর্থ লেনদেন হয়েছে এবং এর মধ্যে ৮ কোটি রুপি পেয়েছেন সমীর ওয়াংখেড়ে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন এনসিবির এ কর্মকর্তা। অন্যদিকে, হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রমাণ আছে বলে দাবি করেছেন প্রভাকর।

আজ দিল্লি থেকে মুম্বাইয়ে ফেরেন সমীর ওয়াংখেড়ে এবং তিনি আরিয়ান খানের মামলার তদন্ত ফের শুরু করেছেন। একটি তদন্তকারী দল দিল্লি থেকে মুম্বাইয়ে পৌঁছায়। তারা সমীরের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করছে। এরই মধ্যে পাঁচ সদস্যবিশিষ্ট ওই তদন্ত দল সমীরের বয়ান রেকর্ড করেছে।

এদিকে, ‘আরিয়ান খানকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে’ দাবি করে মহারাষ্ট্রের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী নবাব মালিক বলেছেন, ‘সমীর ওয়াংখেড়ে চাকরি হারাবেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি।’

টানা তিন বার বিশেষ এনডিপিএস আদালতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন খারিজ হওয়ার পর মুম্বাই হাইকোর্টে আরিয়ানের জামিন শুনানির দিন নির্ধারিত হয়। এবারও আরিয়ান খানের জামিন আবেদনের বিরোধিতা করে এনসিবি। টানা তিন বার বিশেষ এনডিপিএস আদালতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন খারিজ হওয়ার পর উচ্চ আদালতের দারস্থ হয়েছেন এ তারকা-সন্তান।

মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০বি, ২৭, ২৯ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading