লক্ষ্মীপুরে ১২ ইউপি চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ অক্টোবর ২০২১ । আপডেট ২০:৪৫
ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার ৪টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ১২ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার (২৭ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এসব প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
কমলনগরের চরলরেন্স ইউপিতে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সোলায়মান চৌধুরী তার মনোননয়ন প্রত্যাহার করে নেওয়ায় সেখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল আমিন মাস্টার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
এছাড়াও একই উপজেলার চর কাদিরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সফিক উল্লাহ, জয়নাল আবদীন; চর মার্টিন ইউপিতে ডা. আলী আহমদ নুর নবী, নুর হোসেন. মো. ইব্রাহীম, আব্বাস উদ্দিন এবং রামগতির চরগাজী ইউপিতে সোলায়মান, সাইফুল আলম, আবুল কালাম, সোহেল আহমদ মনোনয়ন প্রত্যাহার করেন।
বর্তমানে জর কাদিরা, চর মার্টিন, চরগাজী ইউপিতে চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। চরলরেন্স ইউপির ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আবু ছিদ্দিক নির্বাচিত হন। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে মহিলা ও সাধারণ সদস্য পদে একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
এসব ইউনিয়নে ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ ও আগামী ১১ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে বলে জানায় নির্বাচন কমিশন।

